এখন থেকে বাণিজ্যিক ব্যাংকগুলোর যেসব শাখায় বৈদেশিক লেনদেন হয় সেসব শাখা সাপ্তাহিক ছুটির দিন শনিবার খোলা থাকবে। ব্যবসায়ীদের আবেদনের পরিপ্রেক্ষিতে বাণিজ্যিক ব্যাংকগুলোকে এই নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গতকাল বুধবার ব্যাংক প্রধান নির্বাহীদের কাছে এ সংক্রান্ত একটি বিজ্ঞতি পাঠানো হয়েছে। বিজ্ঞতিতে বলা হয়েছে, দেশের অর্থনীতি সচল এবং আমদানি-রফতানি কার্যক্রম স্বাভাবিক রাখার প্রয়োজনে পরবর্তী নিদের্শ না দেয়া পর্যন্ত সব ব্যাংকের সকল এডি (অথোরাইজড ডিলার) শাখা প্রতি শনিবার খোলা রাখতে হবে। বর্তমানে দেশে ৮৯০টি এডি শাখা রয়েছে বলে বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে।
এতদিন বিভিন্ন ব্যাংক কর্তৃপক্ষ গুরুত্বপূর্ণ স্থানে তাদের এডি শাখা প্রয়োজন অনুযায়ী শনিবার খোলা রেখে আসছিলেন। কিন্তু সামপ্রতিক সময়ে রাজনৈতিক অস্থিরতা ও টানা হরতালের কারণে ক্ষতি পুষিয়ে নিতে এ দাবি জানিয়ে আসছিলেন ব্যবসায়ীরা। এফবিসিসিআই, বিজিএমইএ, বিকেএমইএসহ ব্যবসায়ীদের বিভিন্ন সংগঠন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আতিউর ও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছেও তাদের এ দাবি তুলে ধরে চিঠি দিয়েছিলেন।
