শ্রীলংকার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয়টি বৃষ্টিতে পণ্ড হয়ে যাওয়ায় বাংলাদেশের সিরিজ জয়ের সম্ভাবনা শেষ। আজ বৃহস্পতিবার তৃতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশের টাইগাররা জিততে পারলে সিরিজটা ১-১ তে ড্র হবে। আর হারলে সিরিজ হাতছাড়া। ২-০ তে জিতে যাবে শ্রীলংকা। স্বাগতিক দলের বিপক্ষে শেষ ম্যাচ খেলতে আজ পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে নামবে মুশফিকুর রহিমের দল। হাম্বানটোটায় অনুষ্ঠিত সিরিজের প্রথম ম্যাচ জিতেছিল শ্রীলঙ্কা, দ্বিতীয় ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়।
আজকের দিবা-রাত্রির ম্যাচটি বাংলাদেশ সময় দুপুর ৩টা থেকে সরাসরি সমপ্রচার করবে টেন অ্যাকশন ও বাংলাদেশের মাছরাঙ্গা টেলিভিশন চ্যানেল। প্রথম ম্যাচে ব্যাটিং সাফল্যের পর বাংলাদেশ হেরে গিয়েছিল পেসারদের ব্যর্থতায় এবং শ্রীলঙ্কান টপঅর্ডারের দাপটে। দ্বিতীয় ম্যাচেও বাংলাদেশি পেসারদের বিরুদ্ধে দোর্দন্ড প্রতাপে শুরু করেছিলেন শ্রীলঙ্কার দুই ওপেনার। ফলে আজ পাল্লেকেলের তুলনামূলক পেস সহায়ক উইকেটে বাংলাদেশের মূল চ্যালেঞ্জ হবে বোলিং। বাংলাদেশের কোচ শেন জার্গুনসেন সেটা আগেই স্বীকার করে নিয়েছেন। গতকালও তিনি বলেছেন, শুধু ব্যাটিং করে ম্যাচ জেতা যাবে না। প্রতিটা বিভাগেই ভালো খেলতে হবে। যদিও স্পিনার আব্দুর রাজ্জাক বলছেন, উইকেট যেমনই হোক, তারা ভালো করার ব্যাপারে আশাবাদী।
