গোপালগঞ্জে ককটেল বিস্ফোরণে নাঈমুর রহমান লিংকন (১৩) ও আকাশ সিকদার (১৪) নামে দুই স্কুল ছাত্র আহত হয়েছে। মঙ্গলবার রাতে শহরের ঘোষেরচরের হেমাঙ্গন আবাসিক এলাকায় গত মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটেছে। আহতদের গোপালগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় প্রশাসনে তোলপাড় সৃষ্টি হয়েছে।
আহত স্কুল ছাত্র নাঈমুর রহমান লিংকন বলে, হেমাঙ্গন আল-কোবা জামে মসজিদে গত মঙ্গলবার এশার নামাজ শেষে আমি ও আকাশ বাড়ি ফেরার সময় শাহজাহান সিকদারের বাড়ির গেটে পৌঁছালে প্লাষ্টিক কৌটার মধ্যে আগুন জ্বলতে দেখে কাছে গেলে কৌটার মধ্যে থাকা ওই ককটেলটি বিস্ফোরিত হয়। গোপালগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, ঘটনাস্থল থেকে আলামত জব্দ করে পুলিশ তদন্তে নেমেছে। এ ঘটনায় লিংকন ও আকাশের বুক, মুখসহ শরীরের বিভিন্ন স্থানে স্পিন্টারের আঘাতে রক্তাক্ত ও জখম হয়।
ককটেল বিস্ফোরণে আহত দুই জনের পরিচয় হলো—ঘোষেরচর পূর্বপাড়া গ্রামের মশিউর রহমান মোল্লার ছেলে বেদগ্রামের হাজি নাদের আলী ও ছাদেক আলী মোমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র নাঈমুর রহমান লিংকন (১৩) এবং হিমাঙ্গন এলাকার আবুল কাশেম সিকদারের ছেলে শহরের স্বর্ণকলি উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র আকাশ সিকদার (১৪)।
