সংঘর্ষ বোমাবাজি ভাংচুরের মধ্য দিয়ে হরতালের প্রথম দিন অতিবাহিত

আপডেট : ২৭ মার্চ ২০১৩, ২২:৩০
রাজধানীর বিভিন্ন স্থানে হরতাল সমর্থকদের ঝটিকা মিছিল, গাড়ি ভাঙচুর, ককটেল বিস্ফোরণ এবং পুলিশের ফাঁকা গুলি, ধাওয়া-পাল্টা ধাওয়ার মধ্য দিয়ে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের ডাকা ৩৬ ঘণ্টার টানা হরতালের প্রথমদিন গতকাল অতিবাহিত হয়। তবে হরতালের সমর্থনে কোন পিকেটিং ছিল না। আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছিলেন সর্তক অবস্থানে। পুলিশের পাশাপাশি ছিল র্যাবের টহল। গতকাল ভাংচুর, ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ২৮ জনকে গ্রেফতার করেছে। সকালে নগরীর প্রধান প্রধান সড়কে ছিল অফিসমুখী মানুষের ভিড়। রাস্তা ছিল রিকশার দখলে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেশ কিছু সড়ককে বাস চলাচল করতে দেখা গেছে। এলিফ্যান্ট রোড এলাকা থেকে পুলিশ একটি রিকশার সিটের নীচ থেকে একটি গ্রেনেড উদ্ধার করে। দেশের বিভিন্ন স্থানের হরতাল চিত্র একই রকম ছিল। সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর তেজগাঁও এলাকায় থানা ছাত্রদলের উদ্যোগে হরতালের সমর্থনে একটি মিছিল বের হয়। এ সময় মিছিল থেকে পিকেটাররা ৩টি পিকআপ ভ্যান ভাঙচুর ও একটিতে আগুন ধরিয়ে দেয়। প্রায় একই সময় তেজগাঁও মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের সামনে একটি ককটেল বিস্ফোরণ ঘটায় পিকেটাররা। পরে পুলিশের ধাওয়ার মুখে তারা ছত্রভঙ্গ হয়ে যায়। সবুজবাগ থানা ছাত্রদলের উদ্যোগে একটি মিছিল বের হয়। মিছিলটি কদমতলীর ইত্যাদি খেলার মাঠের সামনে থেকে বের হয়। এ সময় মিছিলকারীরা ৩টি ককটেল বিস্ফোরণ ঘটায়। খিলগাঁও ফ্লাইওভারের নিচ থেকে একটি মিছিল বের করে জামায়াত-শিবিরের কর্মীরা। এ সময় পুলিশ তাদের ধাওয়া দিলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। গুলশানের ইকবাল টাওয়ারের কাছে ছাত্রদলের ব্যানারে একটি ঝটিকা মিছিল বের করা হয়। মিছিলের এক পর্যায়ে পরপর ৫টি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। পুলিশ এ সময় ধাওয়া করে কয়েকজন পিকেটারকে গ্রেফতার করে। সকালে যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় ২০ থেকে ২৫ জন শিবির কর্মী যাত্রাবাড়ী থানা শিবিরের ব্যানারে লাঠি এবং ব্যানার নিয়ে মিছিল বের করে। তবে ঘটনাস্থলে আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা দ্রুত চলে এলে তারা সেখান থেকে পালিয়ে যাওয়ার সময় ব্যানার ও লাঠিতে আগুন লাগিয়ে দেয়। হাতিরঝিল এলাকায় মিছিল বের করে বিএনপি কর্মীরা। হঠাত্ মিছিল থেকে কয়েকজন পিকেটার চলন্ত একটি অটোরিকশার গতিরোধ করে তাতে আগুন ধরিয়ে দেয়। এ সময় স্থানীয় লোকজন ধাওয়া করলে বিএনপি কর্মীরা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজনই আগুন নিভিয়ে ফেলে। এছাড়া হরতালের সমর্থনে নগরীর খিলগাঁও, মিরপুর, পুরনো ঢাকা, তেজগাঁওসহ বিভিন্ন স্থানে ছাত্রদল, সেচ্ছাসেবক দল ও শিবির ঝটিকা মিছিল বের করে। অন্যদিনের হরতালের তুলনায় গতকালের হরতালে রাজধানীতে অপেক্ষাকৃত বেশী বাস, মিনিবাস, টেম্পু, থ্রিহুইলার চলাচল করে। তবে মানুষের তুলনায় যানবাহনের সংখ্যা ছিল অপ্রতুল। এতে দুর্ভোগ পোহাতে হয় অফিসগামীদের। দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। তবে রেল যোগাযোগ ও নৌ যোগাযোগ ছিল স্বাভাবিক। চট্টগ্রাম অফিস জানায়, চট্টগ্রাম মহানগরীতে ১৮ দলীয় জোটের ডাকা ৩৬ ঘন্টা হরতালের প্রথম দিনে বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে সীতাকুণ্ড উপজেলায় ভোরে ট্রাক ও কাভার্ড ভ্যানসহ ৩টি যানবাহনে আগুন দিয়েছে হরতালকারীরা। উপজেলার শেখপাড়া, পন্থীছিলা, বটতল ও টেরিয়াইল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে গাড়িতে আগুন দেয়া হয়। এসময় পুলিশের সাথে হরতালকারীদের সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। তাদের ছত্রভঙ্গ করতে একপর্যায়ে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে। তবে এতে কেউ হতাহত হননি। পুলিশ প্রহরায় মহাসড়কে কিছু কিছু যানবাহন চলাচল করেছে। রাজশাহী অফিস জানায়, হরতালের প্রথম দিন গতকাল বুধবার ৭টায় রাজশাহীর হেতেম-খাঁ, রাজারহাতা ও তালাইমারী এলাকায় পুলিশের সঙ্গে জামায়াত-শিবির কর্মীদের এবং সকাল ৯টায় হোসেনীগঞ্জে জেলা বিএনপির কর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষে পুলিশ, সাংবাদিক ও জেলা বিএনপির সভাপতিসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। এছাড়া নগরীর বিভিন্ন এলাকায় পুলিশের সঙ্গে হরতাল সমর্থকদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এছাড়া সকালে ধরমপুর থেকে বিএনপি নেতা ও ২৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আনসার আলীসহ ২২ জনকে পুলিশ আটক করেছে। দূরপাল্লার বাস চলেনি। খুলনা অফিস জানায়, বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলের ডাকা প্রথম দিনের হরতাল গতকাল বুধবার বিভাগীয় শহর খুলনায় শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। হরতালের সমর্থনে বিএনপি, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল নগরীর বিভিন্ন স্থানে পৃথক মিছিল ও পিকেটিং করেছে। ভোর থেকেই জোটের শরিক দলের নেতাকর্মীরা নগরীর বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে হরতালের সমর্থনে মিছিল করে। সকাল সাড়ে ৯টার দিকে নগরীর সিমেট্রি রোড থেকে মহানগর বিএনপি সভাপতি নজরুল ইসলাম মঞ্জু এমপির নেতৃত্বে হরতালের সমর্থনে মিছিল বের করা হয়। বরিশাল অফিস জানায়, ১৮ দলের ডাকা ৩৬ ঘন্টা হরতালে গতকাল বুধবার ভোর ৫টার দিকে নগরীর রূপাতলী এলাকায় সড়কে আগুন জ্বালিয়ে ও ইট বিছিয়ে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে পিকেটাররা। এসময় টহলরত পুলিশ বাধা দিলে পিকেটাররা ইট-পাটকেল নিক্ষেপ করলে কোতয়ালী পুলিশের এএসআই আনোয়ার আহত হয়। কোতয়ালী মডেল থানার সেকেন্ড অফিসার এসআই গোলাম কবির ইত্তেফাককে জানান, রূপাতলী এলাকায় হরতালকারীরা সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে পুলিশ তাতে বাধা দেয়। এসময় তারা ইট-পাটকেল নিক্ষেপ করলে এএসআই আনোয়ার আহত হন। তাকে শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নাশকতা সৃষ্টির আশংকায় ১৭নং ওয়ার্ড জামায়াতের সভাপতিসহ ৮ জনকে পুলিশ গ্রেফতার করেছে। সিলেট অফিস জানায়, সিলেটে বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে ১৮ দলীয় জোটের ৩৬ ঘন্টার হরতাল শুরু হয়েছে। এসময় পুলিশের গাড়িতে ইট-পাটকেল নিক্ষেপ, সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সকাল ৮টার দিকে চৌহাট্রা পয়েন্টের নিকট মানরু শপিং সেন্টারের সামনে পুলিশকে বহনকারী একটি মিনিবাসে ঝটিকা হামলা চালায় হরতালকারীরা। ২০-২৫ জনের মোটর সাইকেলযোগে একটি দল গাড়িটিতে ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে মিনিবাসের গ্লাস ভাংচুর হয়েছে। একজন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে এসএমপির ডিসি হেডকোয়ার্টার রেজাউল করিম জানান। সকাল সাড়ে ৬ টায় নগরীর দর্শনদেউড়ী এলাকায় ঝটিকা মিছিল করে সিলেট-সুনামগঞ্জ সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে শিবিরকর্মীরা। এসময় তারা কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটায়। নগরীতে যানবাহন চললেও দূরপাল্লার কোনো বাস চলছে না। রংপুর প্রতিনিধি জানান, রংপুরে ঢিলেঢালাভাবে ৩৬ ঘন্টা হরতালের প্রথম দিন অতিবাহিত হয়েছে। হরতাল চলাকালে রংপুর মহানগরীর কিছুসংখ্যক দোকান-পাট ও ব্যবসা-প্রতিষ্ঠান বন্ধ ছিল। শিক্ষা প্রতিষ্ঠান খোলা ছিল। নগরীতে রিকশা-অটোবাইকসহ যান চলাচল স্বাভাবিক ছিল। তবে ভারী কোন যান চলাচল করতে দেখা যায়নি। মাঠে পুলিশ, র্যাব ও বিজিবির টহল জোরদার করার পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত দায়িত্ব পালন করায় নগরীতে পিকেটিং করতে নামেনি হরতাল সমর্থকরা। তবে সকালে নগরীর বাইরে পিকেটিং করার সময় ৭ জন হরতাল সমর্থনকারীকে গ্রেফতার করেছে পুলিশ। বগুড়া প্রতিনিধি জানান, হরতালের সমর্থনে বিএনপি ও ছাত্রশিবিরের মিছিল, পিকেটারদের হামলায় ট্রাক উল্টে ১০ জন আহত ও রাস্তায় টায়ার জ্বালিয়ে গাছের গুঁড়ি ফেলে পিকেটিং এবং শহরে স্বেচ্ছাসেবক লীগের হরতাল বিরোধী মিছিলের মধ্যদিয়ে বগুড়ায় ১৮ দলের ডাকা টানা ৩৬ ঘন্টার হরতালের প্রথম দিন অতিবাহিত হয়েছে। তবে হরতাল চলাকালে শহরের যানবাহন চলাচল বন্ধ থাকলেও রিক্সা চলাচল স্বাভাবিক ছিল। এদিকে ট্রেন চলাচল করেছে স্বাভাবিকভাবে।