সরকার বিরোধীদলের সাথে আলোচনায় প্রস্তুত :পররাষ্ট্রমন্ত্রী

আপডেট : ২৭ মার্চ ২০১৩, ২২:৩২
দেশে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিরোধী দলের সঙ্গে আলোচনায় সরকার প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি। গতকাল বুধবার রাজধানীর বিআইআইএসএস সম্মেলন কক্ষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং বাংলাদেশ ইন্সটিটিউট অব স্ট্রাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) আয়োজিত ‘মুক্তিযুদ্ধে গণমানুষের ভূমিকা’ শীর্ষক সেমিনার শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। দীপু মনি বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রে হস্তক্ষেপ করতে বিরোধীদলীয় নেতা সামরিক বাহিনীকে উদ্দেশ করে যে উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন তার পিছনে নিশ্চয়ই অন্য উদ্দেশ্য রয়েছে, এমন প্রশ্ন আসতেই পারে। দেশে হস্তক্ষেপ করতে এর আগেও খালেদা জিয়া প্রভাবশালী দেশে উস্কানিমূলক প্রবন্ধ লিখেছেন। চলমান সঙ্কট নিয়ে ঐকমত্যে পৌঁছাতে সব রাজনৈতিক দলই তাদের দায়িত্বশীল ভূমিকা পালন করবে উল্লেখ করে দীপু মনি অভিযোগ করেন, স্বাধীনতা দিবসে পাকিস্তানি দোসরদের সঙ্গে নিয়ে খালেদা জিয়া দেশে জ্বালাও-পোড়াও চালাচ্ছেন। তবুও আওয়ামী লীগ সব সময় আলোচনার দরজা খোলা রেখেছে। খোলা মন নিয়ে এলে যে কোন সময় আলোচনা হতে পারে বলে মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী। বিআইআইএসএস চেয়ারম্যান রাষ্ট্রদূত মুনশী ফয়েজ আহমদের সভাপতিত্বে সেমিনারে ’৭১ সালের যুদ্ধকে স্বাধীনতা যুদ্ধ নাকি মুক্তিযুদ্ধ বলা হবে এবং যুদ্ধে আদৌ ৩০ লাখ লোক শহীদ হয়েছে কি-না, ইতিহাসবিদ অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন এমন প্রশ্ন রাখলে তার জবাব দেন পররাষ্টমন্ত্রী। তিনি বলেন, এটি এখন প্রতিষ্ঠিত এবং মীমাংসিত একটি বিষয়। তাই এ নিয়ে এখন নতুন করে বিতর্ক সৃষ্টি করা ঠিক হবে না। তারচেয়ে বরং সে সময় যারা স্বাধীনতার বিরোধিতা করেছিল তাদের কিভাবে প্রতিহত করা যায় সেটি ভাবতে হবে। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সেন্টার ফর বাংলাদেশ লিবারেশন ওয়ার স্টাডিজ চেয়ারম্যান ও প্রধান গবেষক মেজর (অব.) কামরুল হাসান ভুঁইয়া। এছাড়া মেজর জেনারেল (অব.) আমীন আহম্মদ চৌধুরী এবং সংস্থার গবেষক ডক্টর শাহীন আফরোজ প্রবন্ধ উপস্থাপন করেন। সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন সংস্থার মহাপরিচালক মেজর জেনারেল সাজ্জাদুল হক।