বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের অর্ধশতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে পল্টন থানায় দায়েরকৃত দুটি মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। গতকাল বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এ অভিযোগপত্র দাখিল করা হয়। পরে ঢাকার দ্রুত বিচার আদালত-৬-এর বিচারক শাহরিয়ার মাহমুদ আগামী ৩ ও ৭ এপ্রিল আসামিদের উপস্থিতিতে এই দুটি মামলার অভিযোগপত্রের গ্রহণযোগ্যতার ওপর শুনানির জন্য দিন ধার্য করেছেন।
গত ৬ মার্চ বিএনপি অফিসের সামনে পুলিশের সঙ্গে বিএনপি কর্মীদের সংঘর্ষের জের ধরে ব্যারিস্টার মওদুদ আহমদকে প্রধান আসামি করে ৪৪ জনের বিরুদ্ধে পল্টন থানায় ৭ মার্চ দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করা হয়। এ মামলায় বিএনপি নেতা অ্যাডভোকেট আব্দুস সালাম, গোলাম রব্বানি এবং আমিনুল ইসলামকে বাদ দিয়ে ৪১ জনের বিরুদ্ধে চার্জশিট দেয়া হয়েছে। এছাড়াও এই থানার অপর একটি দ্রুত বিচার আইনের মামলায় মওদুদ আহমদ, মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির ২৬ নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। এ মামলার অপর আসামিরা হলেন- গয়েশ্বর চন্দ্র রায়, আমানউল্লাহ আমান, আব্দুল্লাহ আল নোমান, মির্জা আব্বাস, মোয়াজ্জেম হোসেন আলাল, সাইফুল ইসলাম নীরব, হাবিবুন নবী খান সোহেল, শরাফত আলী সপু, সুলতান সালাউদ্দিন টুকুসহ ২৬ জন। গত ২ মার্চ বিএনপির একটি বিক্ষোভ মিছিল থেকে পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর ও জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে পল্টন থানায় এ মামলাটি দায়ের করা হয়। ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে অভিযোগপত্র দাখিল করেন ওই থানার উপ-পরিদর্শক মসিউর রহমান ও ডিবি পুলিশের কর্মকর্তা আনিসুল ইসলাম।
