যশোরে সিমেন্ট বোঝাই ট্রাক উল্টে নিহত ৩, আহত ৫

আপডেট : ২৮ মার্চ ২০১৩, ২১:২৯
যশোর-খুলনা মহাসড়কের পদ্মবিলা নামক স্থানে সিমেন্ট বোঝাই ট্রাক উল্টে ৩ শ্রমিক নিহত এবং ৫ জন আহত হয়েছে। বুধবার রাত ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। পুলিশ জানায়, খুলনা থেকে সিমেন্ট বোঝাই একটি ট্রাক ঢাকায় যাবার পথে পদ্মবিলা নামক স্থানে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। রাস্তার পাশের একটি গাছের সাথে ধাক্কা খেয়ে ট্রাকটি একটি খাদে উল্টে পড়ে। এতে ট্রাকের উপরে থাকা ৬ শ্রমিক সিমেন্টের নিচে চাপা পড়ে। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা শ্রমিকদের উদ্ধার করে। ঘটনাস্থলেই উজ্জল নামের একজন শ্রমিক মারা যায়। গুরুতর আহত শ্রমিকদের যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে আব্দুল জলিল ও মসলেম নামে আরো দুই শ্রমিকের মৃত্যু হয়। নিহত ৩ শ্রমিকের বাড়ি ঝিনাইদহ জেলায়। পুলিশ দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধার করে পুলিশ লাইনে নিয়ে যায়।