বাণিজ্যিক ব্যাংকে কর্মরত নারীদের জন্য মাতৃত্বকালীন ছুটি ছয় মাস করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এজন্য ব্যাংকের মানব সম্পদ সংক্রান্ত নীতিমালায় এটি অন্তর্ভুক্ত করতে হবে। ওই নীতিমালা সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদের মাধ্যমে অনুমোদন করিয়ে আগামী মে মাসের মধ্যে তা বাংলাদেশ ব্যাংকে পাঠাতে হবে। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক এই সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে।
কর্মজীবী নারীদের মাতৃত্বকালীন ছুটি ছয় মাস করার জন্য ২০১১ সালে সরকার ঘোষণা দেয়। এর পর ব্যাংকগুলোতেও ওই নির্দেশনা গ্রহণের অনুরোধ জানায় বাংলাদেশ ব্যাংক। তবে এ বিষয়ে বেশিরভাগ ব্যাংকই তা উপেক্ষা করে। বরং মাতৃত্বকালীন ছুটি চাইলে নারী কর্মকর্তাদের বিভিন্নভাবে হয়রানির সম্মুখীন হতে হচ্ছিল। অনেকে ছুটি না পেয়ে চাকরি ছেড়েও দিয়েছেন। আবার তিন মাসের বেশি ছুটিও দেয়নি কয়েকটি ব্যাংক। এমনকি যেসব নারীদের চাকরির বয়স দুই বছরেরও কম তাদের মাতৃত্বকালীন ছুটিই দেয়া হয়নি। এ বিষয়ে চলতি মাসের শুরুর দিকে ইত্তেফাকে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এরই পরিপ্রেক্ষিতে মাতৃত্বকালীন ছুটি ছয় মাস করার জন্য বাংলাদেশ ব্যাংক দ্বিতীয়বারের মত নির্দেশনা দিল।
