অবিলম্বে জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে অনশন অব্যাহত রেখেছে শহীদ রুমী স্কোয়াড। গত মঙ্গলবার রাতে সাত তরুণের উদ্যোগে শুরু হওয়া অনশনে গতকাল বৃহস্পতিবার অনশনকারীর সংখ্যা দাঁড়ায় ষোলোতে। শাহবাগের অনশনস্থলকে মুক্ত মঞ্চ ঘোষণা করে সারা দেশে অনশন পালন করার আহবান জানিয়েছে স্কোয়াড। জামায়াত-শিবির নিষিদ্ধে সরকারকে অবিলম্বে স্পষ্ট বক্তব্য দেয়ার দাবি জানিয়েছে সংগঠনটি। একইসাথে আন্দোলনে সংহতি জানাতে আসা বিশিষ্টজনরা বলেছেন, জামায়াতকে আইনিভাবে নিষিদ্ধ এবং পুলিশ-র্যাব-সেনাবাহিনী দিয়ে প্রতিহত করতে হবে।
গতকাল বিকালে অনশনে সংহতি সমাবেশে ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির বলেন, জামায়াত এখন একা নয়। তাদের সাথে যুক্ত হয়েছে প্রধান বিরোধী দল বিএনপি। এদের প্রতিহত করতে হবে। গণজাগরণ মঞ্চ ৪ এপ্রিল সরকারকে স্মারকলিপি দিবে। এর মধ্যেই প্রধানমন্ত্রীকে পরিষ্কার করতে হবে, কবে, কখন এবং কিভাবে জামায়াত নিষিদ্ধ করবেন। কোনো ওজর-আপত্তি মানব না। তিনি বলেন, তোমাদের অনশনের সাথে সংহতি জানাচ্ছি। প্রয়োজনে আমরাও অনশনে নামবো। তবে যেকোনো আন্দোলনের শেষ ধাপ আমরণ অনশন। তোমরা এটির সামর্থ্য ধরে রাখতে পারবে কিনা? কেননা হেফাজতে ইসলামের ঢাকা অবরোধ কর্মসূচী সামনে রয়েছে। নিরাপত্তার বিষয় রয়েছে। আমরা দেখতে চাই সরকার কিভাবে হেফাজতকে প্রতিহত করতে পদক্ষেপ নেয়।
নাট্যকার-অভিনেতা মামুনুর রশিদ বলেন, ৪২ বছর ধরে ধর্মকে রাজনীতিতে ব্যবহার নিষিদ্ধের দাবি জানিয়ে আসছি। কিন্তু কোনো সরকার এটি করেনি। বিগত আওয়ামী লীগ সরকারও না। সরকারকে বলছি, অবিলম্বে জামায়াতকে নিষিদ্ধ করে নিজেকে এবং জনগণকে বাঁচান।
তিনি বলেন, হেফাজতের নাম কখনো শুনিনি। তাদের পরিচয় প্রকাশ করুন। আমরাও দেখবো কী করে তারা ঢাকায় আসে, ঢাকা ঘেরাও করে।
নারী নেত্রী খুশি কবির বলেন, জামায়াতকে নিষিদ্ধ করতে বাধা কোথায়, সেটি স্পষ্ট করছে না সরকার।
জামায়াত নিষিদ্ধ না হওয়া পর্যন্ত অনশন চলবে
গতকাল সন্ধ্যায় এক প্রেস ব্রিফিংয়ে অনশনরতরা বলেছেন, যুদ্ধাপরাধীদের দল জামায়াত-শিবির নিষিদ্ধ না হওয়া পর্যন্ত তাদের অনশন চলবে। উদ্যোক্তারা জনগণের প্রতি সারা দেশে গণঅনশন পালনের আহবান জানিয়েছেন। জাতীয় জাদুঘরের সামনে অনশনস্থল মুক্তমঞ্চ। যে কেউ এখানে এসে অনশনে অংশ নিতে ও সংহতি জানাতে পারবেন। প্রেস ব্রিফিংয়ে বলা হয়, ফেসবুকে রুমী স্কোয়াড নিয়ে যেসব কুত্সা রটানো হচ্ছে, তা গ্রহণযোগ্য নয়। এ নিয়ে কাউকে সুযোগ দেয়া হবে না। শহীদ রুমী স্কোয়াডের আহবায়ক সাদাত হাসান নিলয় বলেন, স্কোয়াডের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হচ্ছে, আল্টিমেটাম না মানায় পরবর্তী সময়ের জন্য গণজাগরণ মঞ্চের তরফ থেকে যে সকল কর্মসূচির ঘোষণা দেয়া হয়েছে, তার প্রতি পূর্ণ শ্রদ্ধা এবং সমর্থন আমাদের আছে। বরাবরের মতোই প্রতিটি কর্মসূচিতে স্কোয়াডের প্রতিনিধিদের অংশগ্রহণ থাকবে সক্রিয়ভাবেই।
