অভয়নগরে সন্ত্রাসী হামলায় সাংবাদিক আহত

আপডেট : ২৮ মার্চ ২০১৩, ২২:৪৬
যশোরের অভয়নগরে সন্ত্রাসী হামলায় আহত হয়েছেন সাংবাদিক মাসুদ আলম। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে অজ্ঞাত সন্ত্রাসীরা উপজেলার সুন্দলী বাজারের পার্শ্ববর্তী এলাকায় এ হামলা চালায়। মাসুদ আলম প্রথম আলোর অভয়নগর প্রতিনিধি হিসাবে কর্মরত। অভয়নগর থানার এসআই শামীম জানান, সুন্দলী বাজারের পার্শ্ববর্তী ধোপাদী এলাকায় একদল সন্ত্রাসী সাংবাদিক মাসুদ আলমের ওপর হামলা চালায়। হামলায় তার বাম হাতের হাড় ভেঙ্গে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে প্রাথমিক চিকিত্সার পর তাকে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে সাংবাদিকের ওপর হামলার খবর পেয়ে যশোরের দুটি সাংবাদিক ইউনিয়ন যৌথভাবে তাত্ক্ষণিক বিক্ষোভ মিছিল বের করে। যশোর সাংবাদিক ইউনিয়ন ও সাংবাদিক ইউনিয়ন যশোর দুপুর ১টার দিকে প্রেসক্লাব যশোর থেকে মিছিলটি বের করে শহর প্রদক্ষিণ করে দড়াটানায় এসে পথসভার মধ্য দিয়ে শেষ করে। সহকর্মী সাংবাদিকরা হাসপাতালে ছুটে যান এবং তার খোঁজখবর নেন।