ইংলিশ প্রিমিয়ার লিগ

শিরোপার সাথে রেকর্ডেও দৃষ্টি ইউনাইটেডের

আপডেট : ২৯ মার্চ ২০১৩, ২০:০১
ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি যখন শিরোপার আশা ছেড়ে দিয়েছে সেই সময়ে শিরোপা দৌড়ে অনেক এগিয়ে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের সামনে এখন লক্ষ্য ইতিহাস গড়ার। ইউনাইটেড আজ শনিবার সান্ডারল্যান্ডে খেলতে যাচ্ছে। সেখানে জয় পেলে স্যার অ্যালেক্স ফার্গুসনের দল দ্বিতীয় স্থানে থাকা সিটির সাথে ১৮ পয়েন্টের ব্যবধানে এগিয়ে থাকবে। অপরদিকে সিটি নিজেদের মাঠে অতিথি নিউক্যাসলের মুখোমুখি হবে এবং দলটির ম্যানেজার রবার্তো মানচিনি মেনে নিয়েছেন ইউনাইটেডকে আর ধরা সম্ভব নয়। ফার্গুসনের দল ২০০০ সালে যখন আর্সেনালের কাছ থেকে প্রিমিয়ার লিগের শিরোপা কেড়ে নিয়েছিল সেইসময়ে ১৮ পয়েন্টের ব্যবধানে অর্জনটি সম্ভব করেছিল। এটিই এখন পর্যন্ত শিরোপা জয়ে পয়েন্টের ব্যবধানের রেকর্ড। কিন্তু ফার্গুসন জানিয়েছেন ২০০৪-০৫ মৌসুমে কোচ হোসে মরিনহোর চেলসি যে অভূতপূর্বভাবে ৯৫ পয়েন্ট পেয়ে শিরোপা জিতেছিল, তিনি সেটাকে ছাড়িয়ে যেতে পারেন। ইউনাইটেড এখন শীর্ষে রয়েছে ৭৪ পয়েন্ট নিয়ে। লিগের এখনো নয়টি ম্যাচ বাকি রয়েছে। সে রেকর্ড ভেঙে দিতে ইউনাইটেডের প্রয়োজন আরো ২২ পয়েন্ট। ইউনাইটেডের এক মৌসুমে সেরা অর্জন ৯২ পয়েন্ট। ইউনাইটেডকে শুধু প্রিমিয়ার লিগের ম্যাচেই দৃষ্টি দিলেই হচ্ছে না বরং তাদের মনে রাখতে হচ্ছে সোমবার এফএ কাপের কোয়ার্টার ফাইনালে ফিরতি লেগে তাদের লড়তে হবে চেলসির বিপক্ষে। আন্তর্জাতিক সূচি শেষ হয়েছে কেবলই। প্রিমিয়ার লিগের ম্যাচের পরই আবার এফএ কাপের সূচি। ফার্গুসন ইঙ্গিত দিয়েছেন সান্দারল্যান্ডের ম্যাচে তিনি পরিবর্তন আনছেন। ফার্গুসন বলেন,‘প্রতিটি কোচ প্রার্থনা করেন যেন খেলোয়াড়রা আন্তর্জাতিক খেলা শেষে যেন ফিট হয়ে ফেরেন। আমাকে দলের সতেজতা নিশ্চিত করতে হবে। কারণ চেলসির সাথে আমাদের ম্যাচ রয়েছে সোমবার। এটা আমাদের দলের জন্য বড় প্রশ্ন কারণ কিছু একটার ওপর আমাদের মনোযোগি হতে হবে। কারণ আমাকে নিশ্চিত হতে হবে সঠিক দল গঠনে।’ এদিকে সিটি, চেলসি, টটেনহ্যাম হটস্পার, আর্সেনাল এবং এভারটনের মধ্যে পঞ্চমুখী লড়াই চলছে ইউনাইটেডের পরে থাকা চ্যাম্পিয়ন্স লিগের অবশিষ্ট তিনটি আসনের জন্য। প্রিমিয়ার লিগে ২৯ খেলা শেষে সিটি ৫৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে আছে। চার পয়েন্ট কম পেয়ে চেলসি আছে তৃতীয়স্থানে। এক পয়েন্ট পেছনে পড়ে চতুর্থস্থানে আছে টটেনহ্যাম (৩০ ম্যাচ)। আর্সেন ওয়েঙ্গারের আর্সেনাল ৫০ পয়েন্ট নিয়ে বর্তমানে পঞ্চম স্থানে অবস্থান করছে। ৬ষ্ঠ স্থানে থাকা এভারটনের সাথে তাদের ব্যবধান দুই পয়েন্টের। টটেনহ্যামের সময়টা ভাল যাচ্ছে না। প্রিমিয়ার লিগে তারা লিভারপুল ও ফুলহ্যামের বিপক্ষে টানা হেরেছে। একটি ম্যাচ বেশিও খেলেছে আন্দ্রে ভিলাস বোয়াস বাহিনী। আর্সেনালের দুঃচিন্তার কারণ ইনজুরি। জ্যাক উইলশেয়ার ও আবু দিয়াবি ইনজুরিতে পড়েছেন। এমিরেটস স্টেডিয়ামে আজ গানারদের প্রতিপক্ষ রিডিং। আজ শনিবার সান্দারল্যান্ড-ম্যানচেস্টার ইউনাইটেড আর্সেনাল-রিডিং ম্যানচেস্টার সিটি-নিউ ক্যাসল সাউদাম্পটন-চেলসি সোয়ানসি সিটি-টটেনহ্যাম ওয়েস্টহ্যাম ইউনাইটেড-ওয়েস্ট ব্রুমউইচ আলবিয়ন উইগান-নরউইচ এভারটন-স্টোকসিটি