ডাকাতিতে বাধা, গুলিতে নিহত ১

আপডেট : ০৬ মে ২০১৯, ২০:০৫

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড সেন্টার পাড়া পাহাড়ি এলাকার পাদদেশে ডাকাতি সংঘটিত হয়েছে। রবিবার গভীর রাতে সংঘটিত ডাকাতির ঘটনায় ডাকাতদলের গুলিতে  মো. আমিন (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত মো. আমিন ওই এলাকার মৃত ছৈয়দ আহমদের পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, দুর্গম পাহাড়ে সংঘবদ্ধ ডাকাতদলের সশস্ত্র ছয় সদস্য মো. আমিনের বাড়িতে হানা দেয়। তারা বাড়ির লোকদের অস্ত্রের মুখে জিম্মি করে মালামাল লুট করার চেষ্টা করে। এ সময় ডাকাতদের বাধা দেয় মো. আমিন। এতে ক্ষুব্ধ ডাকাতরা তাকে গুলি করে হত্যা করে। 

ওই বাড়ি থেকে স্বর্ণালঙ্কার ও একটি মোবাইল ফোন লুট করে ডাকাতদল। পরে ডাকাতদলটি পাশের মো. আরিফের বাড়িতে হানা দেওয়ার চেষ্টা করে। এ সময় এলাকার লোকজন এগিয়ে এলে পালিয়ে যায় ডাকাত দল।

আরও পড়ুন: বাতিল হচ্ছে বনলতায় বাধ্যতামূলক খাবার

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ মো. কামাল হোসেন জানান, ডাকাতদলের আস্তানা চিহ্নিত করতে ওই এলাকার দুর্গম পাহাড়ে পুলিশী অভিযান চলছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। 

ইত্তেফাক/অনি