তালা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সঙ্কট

আপডেট : ২৯ মার্চ ২০১৩, ২১:১৯
সাতক্ষীরার তালা উপজেলা ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সটিতে জনবল সংকটের কারণে স্বাস্থ্যসেবা মানুষের দারুণভাবে ব্যাহত হচ্ছে। তালা হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এএসএম জাহিরুল হাসান জানান, অত্র হাসপাতালের অধীনে প্রথম শ্রেণী হতে চতুর্থ শ্রেণী পর্যন্ত মোট মঞ্জুরীকৃত ১৮৩ টি পদের বিপরীতে ১২৭ জন কর্মরত থাকলেও, প্রথম শ্রেণীর একজন কর্মকর্তা জুনিয়র কনসালটেন্ট (গাইনি) ও দ্বিতীয় শ্রেণীর আরও একজন কর্মকর্তা সিনিয়র স্টাফ নার্স অন্যত্র ডেপুটেশনে রয়েছেন। অর্থাত্ অত্র হাসপাতালের মোট জনবল ১৮৩ জনের স্থলে বর্তমান ১২৫ জন কর্মরত আছেন। বাকি ৫৮ টি পদে কোন জনবল না থাকায় স্বাস্থ্যসেবা প্রদান করতে কর্তৃপক্ষ একদিকে যেমন হিমশিম খাচ্ছে, অন্যদিকে সেবা প্রত্যাশী রোগিরাও বঞ্চিত হচ্ছেন। সংশ্লিষ্ট সূত্র আরও জানায়, তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি প্রাইমারী হেলথ্ কেয়ার সেন্টার হিসেবে পরিচিত কিংবা বিবেচিত হওয়া সত্ত্বেও, অন্যান্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর তুলনায় এলাকাবাসীর চিকিত্সা কার্যক্রম পরিচালনা পদ্ধতি বা সেবার মান বহুলাংশেই উন্নত। যেকারণে পার্শ্ববর্তী অন্যান্য উপজেলার দূর-দূরন্তের নারী-পুরুষরা চিকিত্সা সেবা নিতে এখানে ছুটে আসেন। কিন্তু জনবল অভাবে অর্জিত সেবার মান ধরে রেখে চিকিত্সা প্রদান করা অসম্ভব হয়ে উঠেছে। অত্র হাসপাতালের মঞ্জুরিকৃত পদগুলোর মধ্যে প্রথম শ্রেণীর পদ মর্যাদায় জুনিয়র কনসালটেন্ট (অর্থোপেডিক), জুনিয়র কনসালটেন্ট (শিশু), জুনিয়র কনসালটেন্ট (কার্ডিওগ্রাফার), জুনিয়র কনসালটেন্ট (চক্ষু), জুনিয়র কনসালটেন্ট (অ্যানেসথেসিয়া), জুনিয়র কনসালটেন্ট (ইএনটি), জুনিয়র কনসালটেন্ট (গাইনি) বর্তমান ডেপুটেশনে, জুনিয়র কনসালটেন্ট (মেডিসিন), আবাসিক মেডিকেল অফিসার, মেডিকেল অফিসার ৪ জনের মধ্যে একজন, সহকারী ডেন্টাল সার্জন, মেডিকেল অফিসার ইউনানী/আয়ুবেদী, প্যাথলজিষ্ট ও অ্যানেসথেসিস্ট এসকল পদে একজন করে জনবল বরাদ্দ থাকলেও, পদগুলিতে আদৌ কোন জনবল নেই। এছাড়া প্রথম শ্রেণীর পদে ইউনিয়ন পর্যায়ের ১০ টি সহকারী সার্জনের সবগুলি পদ বর্তমান শুন্য রয়েছে। অর্থাত্ প্রথম শ্রেণীর ৩৩ টি পদের মধ্যে ২৩টি পদ শুন্য এবং ১০ টি কর্মরতদের মধ্যে জুনিয়র কনসালটেন্ট (গাইনি) অন্যত্র ডেপুটেশনে আছেন। দ্বিতীয় শ্রেণীর সিনিয়র ষ্টাফ নার্সের ১৫ জনের মধ্যে একজন অন্যত্র ডেপুটেশনে রয়েছেন। তৃতীয় শ্রেণীর ১০৭ টি পদের মধ্যে ২৪ টি পদ শুন্য রয়েছে। এরমধ্যে প্রধান সহকারী, অফিস সহকারী, কামকম্পিউটার অপারেটর, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ২ টি পদ, ফার্মাসিষ্ট ১ টি পদ, মেডিকেল টেকনোলজিষ্ট (ল্যাব) ২টি পদ, মেডিকেল টেকনোলজিস্ট (ফিজিও) সহকারী নার্স ১ টি পদ, স্বাস্থ্য সহকারী ১৩ টি পদ, যক্ষ্মা ও কুষ্ঠ নিয়ন্ত্রন সহকারী, টিকিট ক্লার্ক (আউট সোর্সিং) ইত্যাদি পদে কোন জনবল নেই। চতুর্থ শ্রেনীর ২৭ টি পদের মধ্যে ৭টি পদ শুন্য থাকায় বিভিন্ন সেকশনের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করা যাচ্ছে না বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়। এর মধ্যে মালী, কুক/মশালচী, সুইপার, ইমাজের্ন্সী এ্যাটেনডেণ্ট, নিরাপত্তা প্রহরী (আউট সোর্সিং), কুক/মশালচী (আউট সোর্সিং) ও এমএলএসএস (আউট সোর্সিং) ইত্যাদি পদে কোন কর্মচারী নেই। বিশেষ করে ৫০ জন স্বাস্থ্য সহকারীর মধ্যে ১৩ টি পদে কোন জনবল না থাকায় মাঠ পর্যায়ের কাজের গতি শিথিল হয়ে পড়েছে। হাসপাতালের জনগুরুত্বপূর্ণ উপরোক্ত পদগুলি শুন্য থাকায় জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা কর্তৃপক্ষের জন্য কঠিন হয়ে পড়েছে। তালা স্বাস্থ্য কমপ্লেক্সের উপরোক্ত বিভিন্ন শুন্য পদে জনবল নিয়োগ দিতে স্বাস্থ্যমন্ত্রীর জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী তালাবাসী।