বিরোধী দল দেশের মঙ্গল চাইলে এইচএসসি পরীক্ষার সময় হরতাল দেবে না

আপডেট : ২৯ মার্চ ২০১৩, ২১:২২
শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ বলেছেন, বিরোধী দল যদি দেশের মঙ্গলই চায় তাহলে এইচএসসি পরীক্ষা চলাকালে কোন হরতাল দেবে না। কারণ এতে প্রায় ১০ লাখ শিক্ষার্থীর ভবিষ্যত্ জড়িত, তিনি গতকাল টিচিং কোয়ালিটি ইমপ্রুভমেন্ট-টু (টিকিউআই-টু) প্রকল্পের পরিচিত সভায় সাংবাদিকদের একথা বলেন। মন্ত্রী আরো বলেন, এরপরও যদি বিরোধী দল হরতালের ডাক দেয়, তাহলে এইচএসসি পরীক্ষার্থীদের সুন্দর ভবিষ্যত্ গড়ার বাধাদানকারী হিসাবে তারা ইতিহাসে চিহ্নিত হবে। গতকাল সকালে ধানমন্ডির নায়েম মিলনায়তনে আয়োজিত প্রকল্প পরিচিতির এ সভায় বিশেষ অতিথি ছিলেন শিক্ষা সচিব ড. কামাল আব্দুল নাসের চৌধুরী, একই মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) ইকবাল খান চৌধুরী, অতিরিক্ত সচিব (অর্থ) এসএম গোলাম ফারুক ও মন্ত্রিপরিষদের অতিরিক্ত সচিব মো. নজরুল ইসলাম। প্রকল্পের পরিচালক ও যুগ্ম সচিব বনমালী ভৌমিকের সভাপতিত্বে আরো বক্তৃতা করেন এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সিনিয়র সেক্টর স্পেশালিস্ট রুডি ব্যান্ডেল, নায়েমের মহাপরিচালক অধ্যাপক শেখ একরামুল কবীর, ঢাকা টিচার্স ট্রেনিং কলেজের মহাপরিচালক অধ্যাপক দীপক কুমার নাথ, খুলনার আঞ্চলিক উপ-পরিচালক টিএম জাকির হোসেন, রাজশাহী জেলার শিক্ষা অফিসার খন্দকার রুহুল আমিন প্রমুখ।