১০ দফা দাবিতে গার্মেন্টস শ্রমিকদের আল্টিমেটাম

আপডেট : ২৯ মার্চ ২০১৩, ২১:২৩
বিজিএমইএ কার্যালয়ে ডেকে নিয়ে গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদকসহ চাকরিচ্যুত শ্রমিকদের উপর হামলার ঘটনায় দোষীদের শাস্তি দাবি করা হয়েছে। দোষীদের শাস্তি না দেয়া হলে প্রয়োজনে বিজিএমইএ কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা দিয়েছে শ্রমিকরা। গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের উদ্যোগে আয়োজিত সমাবেশে বক্তারা ১০ দফা দাবি জানিয়েছেন। সমাবেশে নেতৃবৃন্দ বলেন, শ্রমিকদের অধিকার ও ন্যায়সঙ্গত দাবি আদায়ের কারণে ক্ষুব্ধ বিজিএমইএ নেতারা এই আক্রমণ চালিয়েছেন। ২০০৬ ও ২০১০ সালে এই সংগঠনের নেতৃত্বে লাখ লাখ শ্রমিক আন্দোলন করে মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন কারখানায় প্রতিনিয়ত শ্রমিকদের দাবি আদায় করে আসছে। এক্ষেত্রে সংগঠনের সাধারণ সম্পাদক হিসেবে কাজী রুহুল আমিন বলিষ্ঠ ভূমিকা পালন করে আসছিলেন। তাই মালিক সমিতি বিজিএমইএ নানাভাবে শ্রমিক নেতৃবৃন্দের উপর হামলা-মামলার মাধ্যমে দমননীতি চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় তার ওপর এই আক্রমণ চালানো হয়। নেতৃবৃন্দ বলেন, আইন অনুসারে এ বছরেই গার্মেন্টস শ্রমিকদের মজুরি বৃদ্ধি হওয়ার কথা। ইতিমধ্যেই তারা মজুরি বোর্ড গঠন করে ন্যূনতম ৮ হাজার টাকা ও আনুপাতিক হারে সকল শ্রমিকের মজুরি বৃদ্ধির দাবি জানান। সংগঠনের কার্যকরী সভাপতি সাদেকুর রহমান শামীমের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সহ-সভাপতি লুত্ফর রহমান, খাইরুল মামুন মিন্টু প্রমুখ। একই দাবিতে গতকাল গাজীপুর, আশুলিয়া, নারায়ণগঞ্জ ও উত্তরায় গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন সমাবেশ করে।