ফাইনালে সেরেনা-শারাপোভা লড়াই

আপডেট : ২৯ মার্চ ২০১৩, ২১:২৭
সহজ জয় দিয়েই মিয়ামি মাস্টার্স টেনিসের ফাইনালে উঠেছেন টুর্নামেন্টের শীর্ষবাছাই সেরেনা উইলিয়ামস ও মারিয়া শারাপোভা। অন্যদিকে পুরুষ এককের সেমিফাইনালে লড়বেন অ্যান্ডি মারে ও রিচার্ড গ্যাসকুয়েট। মিয়ামি মাস্টার্স টুর্নামেন্টের পাঁচবারের চ্যাম্পিয়ন সেরেনা ফাইনালে ওঠার লড়াইয়ে ৬-০ ও ৬-৩ গেমে হারিয়েছেন টুর্নামেন্টের চতুর্থ বাছাই পোল্যান্ডের অগনিয়েস্কা রাদওয়ানাস্কাকে। টুর্নামেন্টে রাদওয়ানাস্কার পারফরম্যান্স অবশ্য সেমিতে কঠিন এক লড়াইয়েরই ইঙ্গিত দিয়েছিল। তবে সেরেনার দুর্দান্ত পাওয়ার টেনিসের সামনে শেষ পর্যন্ত দাঁড়াতেই পারেননি পোলিশ তারকা। মাত্র ৬৫ মিনিটেই হার মেনে নিতে বাধ্য হন তিনি। তবে দুর্দান্ত এই পারফরম্যান্সের পরেও সেরেনা বলছেন, তার সেরাটা দেখাতে এখনো বাকি! তিনি বলেন, ‘আজও আমি সহজভাবে নিজের সেরাটা খেলতে পারিনি। তবে চেষ্টা করেছি ভালো খেলার। এখন আমি খুবই উত্তেজিত, কারণ আমি ফাইনালে পৌঁছে গেছি। আশা করছি ফাইনালটিও জিততে সক্ষম হবো।’ মায়ামিতে ষষ্ঠবারের মতো শিরোপা উচিয়ে ধরতে ফাইনালে সেরেনাকে টপকাতে হবে শারাপোভার বাধা। শেষ চারের লড়াইয়ে শারাপোভা হারের স্বাদ দেন ২২তম বাছাই সার্বিয়ার ইয়েলেনা ইয়ানকোভিচকে। অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে ৬-২ ও ৬-১ গেমে ম্যাচ জিতে নেন মিয়ামি টুর্নামেন্টের চারবারের ফাইনালিস্ট শারাপোভা। আগের চারটি ফাইনালে খালি হাতে ফেরার দু:খ ভুলতে মরিয়া এই রাশিয়ান গ্ল্যামার কুইন ম্যাচ শেষে বলেন, ‘আবারো ফাইনালে উঠলাম আমি। তাই খুবই ভালো লাগছে। যদি এবার শিরোপাটি জিততে পারি তবে দারুণ হবে। কারণ এর আগে কখনও আমি এই টুর্নামেন্টের শিরোপা জিততে পারিনি। তবে এবার চাইছি শিরোপার স্বাদ পেতে।’ এদিকে কোয়ার্টার ফাইনালে নবম বাছাই ক্রোয়েশিয়ার মারিয়ান চিলিচকে হারিয়ে সেমিতে খেলা নিশ্চিত করেন মারে। ম্যাচের ফল ছিল ৬-৪, ৬-৩। ম্যাচ জয়ের পরে উত্ফুল্ল এই ব্রিটিশ তারকা বলেন, ‘আমি এ ম্যাচে নিজের সেরাটা খেলার চেষ্টা করেছি। যদিও প্রথম সেটে কিছুটা সমস্যা হয়েছিল। কিন্তু পরের দিকে নিজেকে মেলে ধরতে পেরেছি। পরের ম্যাচে আরো ভালো খেলার লক্ষ্য থাকবে আমার।’ অন্যদিকে চতুর্থ বাছাই টমাস বার্ডিচকে হারিয়ে কিছুটা চমকেই দিয়েছেন ফ্রান্সের গ্যাসকুয়েট। ৬-৩, ৬-৩ ব্যবধানে ম্যাচটি জেতার পরে গ্যাসকুয়েট বলেন, ‘কোয়ার্টার জয়ের জন্য খেলতে নেমেছি। আমার লক্ষ্য পূরণ হয়েছে। বেশ কিছু পরিকল্পনা ছিল এ ম্যাচ ঘিরে। সেগুলো ভালোভাবে কাজে লাগাতে পেরেছি। ফলে সেমিতে উঠতে পেরে ভালোই লাগছে আমার।’ অন্য সেমিফাইনালে তৃতীয় বাছাই ডেভিড ফেরার খেলবেন কোয়ার্টার ফাইনালে নোভাক জোকোভিচকে পরাজিত করা টমি হাসের বিরুদ্ধে। — বাসস।