টানা দুটি অলিম্পিকে ১০০ এবং ২০০ মিটার স্প্রিন্টে স্বর্ণজয়ী উসাইন বোল্ট রিও ডি জেনিরোর বিখ্যাত কোপাকাবানা সৈকতে আগামী রবিবার ১৫০ মিটারের দৌড়ে অংশ নিয়ে আগের চাইতে কম সময়ে দৌড়ানোর চেষ্টা চালাবেন। রিও ডি জেনিরোতে ২০১৬ সালে অনুষ্ঠেয় পরবর্তী অলিম্পিকের প্রচারণার জন্য এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
বোল্ট ২০০৯ সালে ম্যানচেস্টারে একটি প্রদর্শনীমূলক প্রতিযোগিতায় মাত্র ১৪.৩৫ সেকেন্ডে ১৫০ মিটার স্প্রিন্ট শেষ করে বিশ্বরেকর্ড গড়েছিলেন। এরপর আর এই ইভেন্টে দৌড়ানো হয়নি তার। বোল্টকে চ্যালেঞ্জ জানানোর মতো বড় কোন প্রতিপক্ষ রিওতে না থাকলেও কোপাকাবানার এই ইভেন্টকে গুরুত্বের সাথেই বিবেচনা করছেন জ্যামাইকান অ্যাথলেটটি। ১৫০ মিটারে নিজের বিশ্বরেকর্ডটিকে আরো সমৃদ্ধ করার লক্ষ্য নিয়েই কোপাকাবানার বালুকাময় সৈকতে বসানো ট্র্যাকে নামবেন বলে জানিয়েছেন এই সিপ্রন্টার। তাছাড়া এটিই হবে চলতি বছরে বোল্টের প্রথম দৌড়। তাই তিনি মাথায় রাখছেন সে ব্যাপারটাও। ১০০ এবং ২০০ মিটার দৌড়ের বিশ্বরেকর্ডধারী এই তারকা বলেন, ‘এটা হবে এ বছরে আমার প্রথম প্রতিযোগিতা। এর আগেও আমি রাস্তার উপরে স্থাপিত ট্র্যাকে দৌড়ানোর সুযোগ পেয়েছি (ম্যানচেস্টারে)। তবে কোপাকাবানার ব্যাপারটা হবে অন্যরকম।’
কোপাকাবানায় বোল্টের প্রতিদ্বন্দ্বি হবেন তার অনুশীলন সঙ্গী অ্যান্টিগার ড্যানিয়েল বেইলি, ইকুয়েডরের অ্যালেক্স কুইনোনেজ এবং ব্রাজিলের একজন। বোল্ট কথা বলেছেন ২০১৬ অলিম্পিকে অ্যাথলেটিকসের মূল ভেন্যু জোয়াও হ্যাভেলাঞ্জ স্টেডিয়াম নিয়েও। স্টেডিয়ামটির ছাদে ত্রুটি দেখা দেয়ায় এ সপ্তাহে সেটি বন্ধ করে দেয়া হয়েছে। নির্ধারিত সময়ের আগেই সবকিছু ঠিক হয়ে যাবে এমনটাই আশা করছেন বোল্ট। তিনি বলেন, ‘অলিম্পিক শুরু হতে এখনো তিন বছর বাকি। সবকিছু ঠিকঠাক করে নিতে এটি যথেষ্ট সময়। সারা পৃথিবী জুড়েই এ ধরনের ঘটনা ঘটে।’
