শিরোপা ধরে রাখলো সেনাবাহিনী

আপডেট : ২৯ মার্চ ২০১৩, ২১:২৭
বাংলাদেশ সেনাবাহিনী পদ্মা ক্রাউন স্বাধীনতা কাপ ভলিবল টুর্নামেন্টের শিরোপা ধরে রেখেছে। এই নিয়ে পাঁচবার চ্যাম্পিয়ন হলো সেনাবাহিনী। গতকাল ভলিবল স্টেডিয়ামে দারুণ এক উত্তেজনার ফাইনালে সেনাবাহিনী ৩-০ সেটে (২৫-২৩, ২৫-১৫ এবং ২৫-১৬ পয়েন্ট) তিতাস ক্লাবকে হারিয়ে এ কৃতিত্ব দেখায়। অফিস দল তিতাস ১৯৯০ সালের পর আরো একবার ফাইনালে উঠেছিল। কিন্তু শক্তিশালি দল সেনাবাহিনীর কাছে সেবারও পরাস্ত হয়েছিল তিতাস। এবারও চ্যাম্পিয়ন হতে পারল না দলটি। এবার ১৭তম আসর থেকেও আক্ষেপ নিয়ে ফিরতে হলো দলটিকে। ১৯৭৫ সালে শুরু হয় এই ভলিবল টুর্নামেন্ট। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন সেনাবাহিনীর মুখার্জি এবং সেরা অ্যাটাকার হয়েছেন তিতাস ক্লাবের রাসেল এবং একই দলের সেরা ডিফেন্ডার হয়েছেন জসিম। গতকাল ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি বিজিএমইএ’র সভাপতি আতিকুল ইসলাম। এ সময় আরো উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের কর্মকর্তা বিকাশ সরকার, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান মনিরুল হক, বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের উপ মহাসচিব ও ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু এবং টুর্নামেন্ট কমিটির সম্পাদক এডভোকেট ফজলে রাব্বি বাবুলসহ ফেডারেশনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। খেলা পরিচালনা করেন শামীম আল মামুন এবং ফজলুল হক।