টি-টোয়েন্টি বিশ্বকাপ

লোগো উন্মোচন অনুষ্ঠানের দায়িত্বে ‘কোজিটো’

আপডেট : ২৯ মার্চ ২০১৩, ২১:২৮
টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট শুরু হতে মাত্র এক বছরেরও কম সময় বাকি। বিশ্বকাপকে সামনে রেখে ইতোমধ্যে কাজ শুরু করেছে লোকাল অর্গানাইজিং কমিটি (এলওসি)। তবে আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপের কাজ শুরু হচ্ছে আগামী ৬ এপ্রিল টুর্নামেন্টের লোগো উন্মোচনের ভেতর দিয়ে। ঢাকার স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিতব্য এই জাকজমকপূর্ণ অনুষ্ঠান আয়োজনের দায়িত্ব পেয়েছে দেশি ইভেন্ট ম্যানেজম্যান্ট প্রতিষ্ঠান ‘কোজিটো’। লোগো উন্মোচনের এই অনুষ্ঠানে নানারকম আকর্ষণের পাশাপাশি জাতীয় দলের বর্তমান ও সাবেক তারকারা উপস্থিত থাকবেন। এ ছাড়া আইসিসির কর্মকর্তারা এবং বিভিন্ন দেশের অতিথিরাও থাকবেন অনুষ্ঠানে। সবমিলিয়ে লোগো উন্মোচনের দিনই বিশ্বকাপের আগমনী বার্তা শুনিয়ে দিতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। গতকাল শুক্রবার এসব তথ্য দিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এডহক কমিটির সদস্য ইসমাইল হায়দার মল্লিক। ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান কোজিটোকে দায়িত্ব দেয়া সম্পর্কে মল্লিক বললেন, ‘আমাদের কাছে ১৫টি ইভেন্ট ম্যানেজম্যান্ট প্রতিষ্ঠান প্রেজেন্টেশন করেছে। আমরা এদের থেকে তিনটি প্রতিষ্ঠানকে বাছাই করেছিলাম। পরে তাদের প্রেজেন্টেশনগুলো আইসিসির কাছে পাঠিয়েছি। আইসিসি কোজিটোকে নির্বাচিত করেছে’। ১৫টি প্রতিষ্ঠানের মধ্যে মাত্র তিনটি ভারতীয় প্রতিষ্ঠান আগ্রহ দেখিয়েছিল বলে তিনি জানান। লোগো উন্মোচনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি শুরু হয়ে যাবে। যদিও বিসিবির এডহক কমিটির এই সদস্য দাবি করেছেন, বিশ্বকাপের প্রস্তুতি অনেক আগেই শুরু হয়েছে, ‘ইতোমধ্যে বিকেএসপির দুই ও তিন নম্বর মাঠের কাজ প্রায় শেষ। এলওসিও তাদের কাজ শুরু করেছে আগে থেকে’। জানা গেছে, টি-টোয়েন্টি বিশ্বকাপের মেয়েদের পর্ব অনুষ্ঠিত হবে বিকেএসপিতে। কক্সবাজারে স্টেডিয়াম তৈরির জমি এখনো বিসিবি বুঝে পায়নি বলে বিসিবিও দ্বিধাদ্বন্দ্বে রয়েছে। বিশ্বকাপের আগে সময়মত স্টেডিয়ামের কাজ শেষ করা যাবে কিনা তা নিয়ে বোর্ড শংকায় রয়েছে। তাই মেয়েদের ভেন্যু হিসেবেই বিকেএসপিকে বেশি পছন্দ বিসিবির। তবে এ ব্যাপারে কিছুই জানেন না বলে জানিয়েছেন এডহক কমিটির এই সদস্য।