শেষ চারে শেখ রাসেল

আপডেট : ২৯ মার্চ ২০১৩, ২১:৪০
আবাহনী এবারও স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্টের গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে । টানা তিনবার ব্যর্থ হলো তাদের অভিযান। গতকাল রাতে বঙ্গবন্ধু স্টেডিয়ামে ‘বি’ গ্রুপ থেকে নয় পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে গতবারের ফাইনালিষ্ট শেখ রাসেল। আগামীকাল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে মোহামেডান শেখ জামাল এবং দ্বিতীয় সেমিফাইনালে শেখ রাসেল ও মুক্তিযোদ্ধা মুখোমুখি হবে। শেখ রাসেলের জন্য ‘সি’ গ্রুপের শেষ ম্যাচে আবাহনীর বিরুদ্ধে প্রয়োজন ছিল ড্র। আবাহনীকে জিততেই হতো। কিন্তু তাদের কোনো সুযোগ না দিয়ে ৬৬ মিনিটে মিডফিল্ডার মামুনুল ইসলামের গোলে শেখ রাসেল ১-০ ব্যবধানে হারালো আবাহনীকে। আরো বড় ব্যবধানে ম্যাচ জিততে পারত রাসেল। দারুণ এক গোল করেছেন দেশের সেরা মিডফিল্ডার মামুন। কর্ণার থেকে বাঁ পায়ে শট করেন আবাহনীর গোল পোষ্ট লক্ষ্য করে। আবাহনীর ফুটবলাররা লাফিয়ে উঠেন বল ক্লিয়ার করার জন্য। অপরদিকে শেখ রাসেলের ফুটবলাররা লাফিয়ে উঠেন গোল করার জন্য। কিন্তু বল বাঁক খেয়ে সবার চোখের সামনে দিয়ে জালে জড়িয়ে যায়। তবে মামুনুল ইসলাম গোল করলেও ম্যাচে দারুণ খেলেছেন হাইতির ফরোয়ার্ড সনি নর্দে। তিনি ছিলেন অপ্রতিরোধ্য। তিনবার বল নিয়ে আবাহনীর সুজন ভাষানী, ওয়ালীয় ফয়সালকে কাটিয়ে ঢুকে পড়েছিলেন। কিন্তু ভালো শট করতে না পারায় গোল হয়নি। আবাহনী স্বাধীনতা কাপের গত দুই আসরে একবার সেমিফাইনাল থেকে, গতবার কোয়ার্টার ফাইনাল থেকে এবং এবার গ্রুপ পর্ব থেকে বাদ পড়ল।