রায়পুরা উপজেলার সাচিয়ামারা গ্রামে সংখ্যালঘু খগেন্দ্র দাসের মালিকানাধীন ‘পিবিসি ব্রিক্স’ নামে একটি ইটভাটার প্রায় ৪ লাখ কাঁচা ইট রাতের অন্ধকারে সন্ত্রাসীরা ভেঙ্গে চুরমার করে দিয়েছে। এলাকার কাউছার নামে এক ব্যক্তি ইটভাটার মালিকের নিকট ৩ লাখ টাকা চাঁদা দাবি করেছিল। চাঁদা না দিলে ইটভাটা ভেঙ্গে চুরমার করে দেয়া হবে বলে ইতিপূর্বে খগেন্দ্র দাসকে হুমকি দেয়া হয়েছিল। গত বৃহস্পতিবার গভীর রাতে ২০/২৫ জনের একটি দল মুখোশ পরে ইটভাটায় নিয়োজিত নাইটগার্ড ও শ্রমিকদের এলোপাতাড়ি মারধর করতে থাকে। এসময় নাইটগার্ড এবং শ্রমিকরা প্রাণ রক্ষার্থে পালিয়ে যায়। এই সুযোগে সন্ত্রাসীরা প্রায় চার লাখ কাঁচা ইট ভেঙ্গে চুরমার করে দেয়। এছাড়া ইটভাটার অন্যান্য জিনিসপত্রও ভেঙ্গে গুঁড়িয়ে দেয় তারা। এতে প্রায় ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ইটভাটার মালিক খগেন্দ্র দাস ও ম্যানেজার রঞ্জন দাস জানান। এই সন্ত্রাসী চক্রকে চাঁদা না দেয়ার কারণে ইতিপূর্বে আরো ২/৩ বার একই কায়দায় হামলা চালিয়ে ইটভাটার ব্যাপক ক্ষতি করেছে বলে তারা জানান। এব্যাপারে রায়পুরা থানায় সাচিয়ামারা গ্রামের কাউছার, স্বপন, আবুল, মোফাজ্জল, সোহরাবসহ ২৫ জনের নামে মামলা করা হয়েছে।
