ডুমুরিয়ায় যুবলীগ কর্মীদের হামলায় যুবদল নেতা নিহত

আপডেট : ২৯ মার্চ ২০১৩, ২২:২৭
১৮ দলীয় জোটের ৩৬ ঘন্টা হরতাল চলাকালে ডুমুরিয়া উপজেলা সদরে যুবলীগ কর্মীদের হামলায় আহত ডুমুরিয়া উপজেলা সদর ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি গাজী নাসির উদ্দীন সুমন (২৫) মারা গেছেন। বৃহস্পতিবার রাতে ঢাকায় নেয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় পুলিশী হেফাজতে তার মৃত্যু হয়। এলাকাবাসী ও পুলিশ জানায়, গত বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে ডুমুরিয়া উপজেলা সদরে হরতালের সমর্থনে বিএনপির মিছিলে অংশগ্রহণের পর যুবদল নেতা গাজী নাসির উদ্দীন সুমন তার বাড়ির পাশে বাজারের ধানপট্টির একটি দোকানে বসেছিলেন। এ সময় স্থানীয় যুবলীগ নেতা বুলু ও মুকুলের নেতৃত্বে একদল সন্ত্রাসী তাকে বেদম মারপিট করে পুলিশের কাছে সোপর্দ করে। পুলিশ হেফাজতে থাকা অবস্থায় সন্ধ্যার দিকে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। পুলিশ তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর সিটি স্ক্যানে তার মস্তিষ্কে রক্তক্ষরণ ধরা পড়ে। মুমূর্ষু অবস্থায় তাকে পুলিশী হেফাজতে ঢাকায় পাঠানো হয়। পথিমধ্যে রাত ২টার দিকে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলায় পৌঁছালে তার মৃত্যু হয়। পরে সুমনের লাশ পোস্ট মর্টেমের জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজে হাসপাতালে নেয়া হয়। এদিকে নিহত সুমনের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, হরতাল চলাকালে সাড়ে ১২টার দিকে সুমনের ভাই টুটুলকে পুলিশ গ্রেফতার করে একই সাথে তাদের থানা হেফাজতে রাখে। এসময় সুমন অসুস্থ হয়ে পড়লে টুটুল ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ ঘটনাটি পুলিশকে জানালেও তাকে সময়মত হাসপাতালে নেয়া হয়নি।