রাঙ্গুনিয়া সংবাদদাতা
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ে নিরাপত্তা প্রহরী-কাম-দপ্তরি নিয়োগ হয়নি এখনো। সরকারি পরিপত্র অনুযায়ী গত জানুয়ারির মধ্যে নিয়োগকৃতদের কাজে যোগদানের কথা। সূত্র জানায়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি-কাম নিরাপত্তা প্রহরী পদে জনবল নিয়োগের পরিপত্র জারি করে। রাঙ্গুনিয়া উপজেলায় ৩১টি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি-কাম নিরাপত্তা প্রহরী নিয়োগের সিদ্ধান্ত রয়েছে। সে প্রেক্ষিতে যথাসময়ে কার্যকরি ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ রয়েছে। প্রক্রিয়া শেষ করে নিয়োগকৃত দপ্তরি-কাম প্রহরীদের ১ থেকে ৪ জানুয়ারির মধ্যে কাজে যোগদানের বিধান রয়েছে। কিন্তুু নির্দিষ্ট সময়ের অতিরিক্ত আড়াই মাস অতিবাহিত হলেও অদ্যাবধি এ প্রক্রিয়া সম্পন্ন হয়নি।
রাঙ্গুনিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনিরুজ্জামান মোল্লা জানান, বিধি মোতাবেক নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন করে প্রার্থীদের তালিকা গত ডিসেম্বর মাসে উপজেলা নির্বাহী অফিসারের নিকট পাঠানো হয়েছে। রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আজম সিদ্দিকী বলেন, নিয়োগ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট উপজেলার মন্ত্রী, সাংসদ ও উপজেলা চেয়ারম্যানের পরামর্শক্রমে সম্পন্ন করার বিধান রয়েছে। ফলে প্রতিটি বিদ্যালয়ের ক্ষেত্রে মনোনীত প্রার্থীদের তালিকা পরিবেশ ও বনমন্ত্রীর বরাবরে অনুমোদনের জন্য পাঠানো হয়। অনুমোদন প্রক্রিয়া শেষ হলে কাজে যোগদানের জন্য নিয়োগপত্র দেয়া হবে।
