ধানের মূল্য নির্ধারণে রংপুরে মানববন্ধন

আপডেট : ৩০ মার্চ ২০১৩, ২০:৪৯
রংপুর প্রতিনিধি বোরো ধানের লাভজনক মূল্য নির্ধারণের দাবিতে গতকাল সোমবার মানববন্ধন ও সমাবেশ করেছে রংপুরের কৃষক। জেলা জনমূল্য কমিশনের উদ্যোগে রংপুর প্রেসক্লাবের সামনে গতকাল দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে রংপুরের ৮ উপজেলার কৃষক-কৃষাণীসহ জনমূল্য কমিশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে সেখানে এক সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা জনমূল্য কমিশনের সভাপতি মোনসেফা পারভীন, সদস্য সচিব আব্দুল হামিদ, ফিরোজা বেগম, পীরগঞ্জের কৃষক নাজিম উদ্দিন মণ্ডল, মিঠাপুকুরের কৃষক শতীশচন্দ্র, কাউনিয়ার কৃষক মমিনুল ইসলাম প্রমুখ। সমাবেশ শেষে জেলা প্রশাসক ফরিদ আহাম্মদের মাধ্যমে কৃষিমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে বলা হয়, বিগত কয়েক মৌসুমের ধারাবাহিকতায় বর্তমান বোরো মৌসুমে উত্পাদন খরচ বৃদ্ধি পেয়েছে। মৌসুমের শুরুতে জ্বালানি মূল্য বৃদ্ধি বর্ধিত উত্পাদন ব্যয়ের সাথে কৃষকের উপর আরেক দফা বাড়তি চাপ ফেলেছে। এ অবস্থায় উত্পাদিত ধানের লাভজনক মূল্য নির্ধারণের কোন বিকল্প নেই। এবারও যদি কৃষক মূল্য বঞ্চনার শিকার হয় তাহলে উত্পাদন ব্যবস্থায় ধস নামবে এবং দেশে খাদ্য সংকট সৃষ্টি হবে। বিগত মৌসুমের ক্ষতি পুষিয়ে নিতে না পারায় অনেক কৃষক ধান চাষ করতে পারেনি। জেলায় বর্তমান মৌসুমে ধান চাষের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তা বিগত মৌসুমের চেয়ে অনেক কম।