ঠাকুরগাঁওয়ে ঝাড়ু মিছিল পানি সম্পদ মন্ত্রীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা

আপডেট : ৩০ মার্চ ২০১৩, ২১:২৬
ঠাকুরগাঁওয়ের গড়েয়ায় জনসভায় পানি সম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেনের আগমন ও পুলিশ-বিজিবির গুলিতে ৬ জন নিহত হওয়ার প্রতিবাদে ঝাড়ু মিছিল করেছে সন্তান হারা মা ও স্থানীয়রা। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় মিছিল বের করে তারা পানি সম্পদ মন্ত্রীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করে। সদর উপজেলার গড়েয়া হাটে শতাধিক মহিলা ঝাড়ু মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। মিছিল শেষে প্রতিবাদ সভায় বক্তব্য দেন মিছিলের নেতৃত্ব দানকারী রাহেনা বেগম । রাহেনা তার বক্তব্যে পানি সম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেনকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করে অভিযোগ করেন পুলিশ-বিজিবি গুলি করে নিরীহ ৬ জনকে মেরে ফেলে। এছাড়া আরো ৬ জন গুলিবিদ্ধ হন। ওই পরিবারগুলোকে সরকারিভাবে পুনর্বাসন না করে তাদের বিরুদ্ধে ‘হয়রানিমূলক’ মামলা করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। প্রসঙ্গত: শুক্রবার বিকালে গড়েয়া উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগ জনসভার আয়োজন করে। সভায় পানি সম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও দিনাজপুর ১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপালও সভায় যোগ দেন। ঠাকুরগাঁও থানার ওসি রেজাউল করিম জানান, জনসভাকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে ।