মোবাইল ফোনই জীবন কেড়ে নিল গোয়েন্দা কর্মকর্তা আমিনুলের

আপডেট : ৩০ মার্চ ২০১৩, ২১:৩৯
উত্তরা এলাকায় ট্রেনে কাটা পড়ে ভোলার জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক আমিনুল ইসলামের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৯টার দিকে উত্তরার ৪ নম্বর সেক্টরের জয়নাল মার্কেট সংলগ্ন রেলক্রসিং এলাকায় মোবাইল ফোনে কথা বলতে বলতে পার হওয়ার সময় টেনে ধাক্কা লেগে ছিটকে পড়েন তিনি। প্রত্যক্ষদর্শীরা জানান, জয়নাল মার্কেট সংলগ্ন রেলক্রসিং পার হওয়ার সময় কমলাপুর রেলস্টেশন থেকে ছেড়ে আসা বাহাদুরাবাদগামী অগ্নিবীণা এক্সপ্রেসের ধাক্কা খেয়ে ছিটকে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ভোলা জেলার পুলিশ সুপার মনিরুজ্জামান টেলিফোনে সাংবাদিকদের কাছে আমিনুল ইসলামের মৃত্যুর সংবাদ নিশ্চিত করে বলেন, নিহত আমিনুল ইসলাম ভোলা জেলার ডিবির পরিদর্শকের দায়িত্ব পালন করছিলেন। চার মাস আগে তিনি ভোলায় বদলি হয়ে যান। এসপি বলেন, ছুটি নিয়ে আমিনুল ডাক্তার দেখাতে ঢাকায় যান।