আগৈলঝাড়ায় অপহরণকারী যুবক বাপ্পির ১৪ বছরের কারাদণ্ড

আপডেট : ০৬ মে ২০১৯, ২০:৪৩

বরিশালের আগৈলঝাড়ায় অপহরণের অভিযোগ প্রমাণীত হওয়ায় অপহরণকারী যুবক বাপ্পি বাড়ৈকে ১৪ বছরের কারাদণ্ড প্রদান করেছে আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের রায় প্রদান করা হয়েছে।

রবিবার শেষ বিকেলে আসামি বাপ্পির অনুপস্থিতিতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আবু শামীম আজাদ আটজনের সাক্ষ্য গ্রহণ শেষে উল্লেখিত রায় ঘোষণা করেন। অপহরণকারী বাপ্পি আগৈলঝাড়া উপজেলার মরাআন্দি গ্রামের অবনী বাড়ৈর ছেলে।

আদালতের বেঞ্চ সহকারী আজিবর রহমান জানান, ২০০৭ সালের ১৫ মার্চ বাড়ি থেকে দশম শ্রেণির ওই ছাত্রীকে স্কুলে যাওয়ার পথে অপহরণ করে বাপ্পি ঢাকায় নিয়ে যায়। সেখান থেকে চট্টগ্রাম নিয়ে যাওয়ার জন্য কমলাপুর রেল স্টেশনে গেলে ওই ছাত্রী পালিয়ে সিলেটগামী ট্রেনে ওঠে। সেখানে তার বাবা চাকরি করতেন। সে বাবার কাছে গিয়ে এক মাস অবস্থান করে বাড়ি ফিরে আসে। অপহরণের ঘটনায় ২০ মার্চ মুক্তির মা বাদী হয়ে বাপ্পি ও তার ভাই উজ্জ্বলের বিরুদ্ধে মামলা দায়ের করেন। 

আরও পড়ুনঃ রংপুরে ব্যবসায়ী হত্যা মামলায় ৩ জনের ফাঁসি ও ৪ জনের যাবজ্জীবন

মামলার তদন্তকারী কর্মকর্তা আগৈলঝাড়া থানার উপ-পরিদর্শক  আকতার উদ্দিন খান তদন্ত শেষে উজ্জ্বলকে অব্যাহতি দিয়ে বাপ্পিকে অভিযুক্ত করে ওই বছরের ৬ মে আদালতে চার্জশিট দাখিল করেন।

ইত্তেফাক/নূহু