যুক্তরাষ্ট্রের ওষুধ নিয়ন্ত্রণ ও অনুমোদনের সর্বোচ্চ সংস্থা ফুড এন্ড ড্রাগ অ্যাডমিনিস্টেশন (এফডিএ) ডায়াবেটিস চিকিত্সার ক্ষেত্রে একটি নতুন ধরনের ওষুধ অনুমোদন দিয়েছে। আর এই ওষুধটি গতানুগতিক ওষুধের বাইরে রক্তের সুগার কমাতে সাহায্য করবে। আর এই ওষুধটি উদ্ভাবন করেছে যুক্তরাষ্ট্রের কোম্পানী জনসন এন্ড জনসন। এফডিএ মনে করছে যুক্তরাষ্ট্রে মহামারী আকারে যেভাবে ডায়াবেটিসের বিস্তার ঘটছে তাতে এই নতুন ওষুধটি ডায়াবেটিস নিয়ন্ত্রণে যুগান্তকারী অগ্রগতি হবে। বর্তমানে শুধু যুক্তরাষ্ট্রেই ২৬ মিলিয়ন ডায়াবেটিসের রোগী রয়েছে। ইনভোকানা নামের এই ওষুধটিতে টাইপ টু ডায়াবেটিস নিয়ন্ত্রণে ব্যবহার করা হবে এবং দিনে একবার মাত্র ওষুধ সেবনের প্রয়োজন হবে। বিশেষজ্ঞগণ ধারণা করছেন ডায়াবেটিস নিয়ন্ত্রণের এই নতুন ওষুধটি ব্লকবাষ্টার ড্রাগ হিসাবে বিবেচিত হবে এবং বছরে এক বিলিয়ন ডলারের বেশী ব্যবসা করবে।
বিশেষজ্ঞগণের অভিমত হচ্ছে, যাদের টাইপ টু ডায়াবেটিস আছে অর্থাত্ যাদের ইনসুলিন নিতে হয় না এমন সব ডায়াবেটিস রোগীদের শরীরে কার্বোহাইড্রেট বা শর্করা যথাযথভাবে ব্যবহূত হয় না। কারণ, ডায়াবেটিসের কারণে শরীরে প্রয়োজনীয় ইনসুলিন তৈরী করে না অথবা শর্করা হরমোন রেজিষ্ট্যান্স হয়। ফলে রক্তের সুগার যথাযথভাবে নিয়ন্ত্রিত হয় না। আর এ ধরনের ডায়াবেটিস রোগীদের হার্ট এ্যাটাক, কিডনির সমস্যা, দৃষ্টি শক্তির সমস্যাসহ অন্যান্য সমস্যা হতে পারে।
এফডিএর অনুমোদন প্রাপ্ত নতুন ওষুধের সুবিধা হচ্ছে ওষুধটি খাবার থেকে প্রাপ্ত সুগার শোষণ বা অ্যাবসরবশনে বাধা দেয় এবং লিভার বা যকৃতে জমাকৃত সুগার সংকুচিত করে। তবে নতুন ওষুধ ইনভোকানার অসুবিধা হচ্ছে, যেহেতু ওষুধটি প্রচুর পরিমাণ সুগার প্রশ্রাব বা ইউরিনের সাথে শরীর থেকে বের করে দেয়। ফলে ইস্ট ইনফেকশন ও মূত্রনালীর সংক্রমণের ঝুঁকি থাকে। এমনকি ক্ষেত্রবিশেষে রক্তচাপও কমতে পারে যা থেকে মাথা ঘুরানো বা মূর্ছাভাব পর্যন্ত হতে পারে। তবে এফডিএ বলছে, তারা ওষুধটির ওপর ৯টি ক্লিনিক্যাল ট্রায়ালের ওপর ভিত্তি করে নতুন ডায়াবেটিস ওষুধটির অনুমোদন দিয়েছে। এব্যাপারে এফডিএর এন্ডোক্রাইনোলজী প্রডাক্ট ডিভিশনের বিশেষজ্ঞ ড: ম্যারি পার্কস বলেন, তারা চিকিত্সার ক্ষেত্রে নতুন আবিষ্কারকে উত্সাহিত করে থাকেন। তবে ওষুধটির আবিষ্কারক প্রতিষ্ঠান জনসন এন্ড জনসনকে ওষুধের নিরাপদ ব্যবহারের ক্ষেত্রে আরও পাঁচটি ফলোআপ স্ট্যাডির পরামর্শ দেয়া হয়েছে।
