জিয়ানগরে যুবলীগ নেতার হাত-পায়ের রগ কর্তন

আপডেট : ৩০ মার্চ ২০১৩, ২২:৪২
জেলার জিয়ানগরে গত শুক্রবার সন্ধ্যায় জামায়াত-বিএনপির সাথে আওয়ামী লীগের সংঘর্ষে ৪ জন গুলিবিদ্ধ ও যুবলীগ নেতা মিজানুর রহমানের হাত-পায়ের রগ কেটে ফেলা হয়েছে। উপজেলার বালিপাড়ার উত্তর কলারণ এলাকায় এ সহিংস ঘটনা ঘটে। এ ঘটনায় গত শুক্রবার রাতে ৩ জনকে পুলিশ গ্রেফতার করেছে। এ ঘটনায় তিন শতাধিক পুলিশ গতকাল সারাদিন চন্ডীপুর গ্রাম ও আশেপাশের এলাকায় ব্যাপক অভিযান চালায়। এর ফলে চন্ডীপুর গ্রামে নারী ও শিশু বাদে পুরুষরা এলাকা ছেড়ে দিয়েছে। গ্রেফতারকৃতরা হলেন চন্ডিপুর গ্রামের খোকন গাজী, নান্না গাজী ও মাসুদ গাজী। আওয়ামী লীগসূত্রে জানা যায়, উপজেলার বালিপাড়ার উত্তর কলারণ এলাকায় গত শুক্রবার সন্ধ্যায় জামায়াত-শিবির ও বিএনপির ৫০ থেকে ৬০ জন ক্যাডার বালিপাড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মিজানুর রহমানের বাড়িতে অতর্কিত হামলা চালিয়ে অগ্নিসংযোগের চেষ্টা করে। এ সময় মিজানুর রহমান তার ঘরের মাচায় আত্মগোপন করেন। পরে ক্যাডাররা ওই মাচা থেকে টেনে-হিঁচড়ে নামিয়ে কুপিয়ে হাত-পায়ের রগ কেটে দেয় ও এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। আহত যুবলীগ নেতা মিজানকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে প্রাথমিক চিকিত্সা দেয়ার পরে ঘটনার দিন রাতে বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে আশংকাজনক অবস্থায় পাঠানো হয়। জামায়াতসূত্রে জানা যায়, বিএনপি সমর্থক বাচ্চু মিয়ার সাথে পূর্বশত্রুতার জের ধরে মিজানুর রহমানের সাথে সংঘর্ষ বাধে। এ খবরে বিএনপি-জামায়াত সমর্থকরা চন্ডিপুর এলাকা থেকে বাচ্চু মিয়াকে রক্ষা করার জন্য ছুটে আসে। এ সময় আওয়ামী লীগ সমর্থকদের গুলিতে বিএনপি-জামায়াত সমর্থক আছাদুজ্জামান ভাষানী, শেখ জাহাঙ্গীর হোসেন, নাসির হোসেন বাঘা ও অহিদুজ্জামান অহিদ গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ ৪ জনকে খুলনা ও মোড়েলগঞ্জ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা যায়।