জয় দিয়ে সফর শেষ করতে চায় মুশফিক বাহিনী

আপডেট : ৩০ মার্চ ২০১৩, ২২:৪৯
জয় দিয়ে শ্রীলংকা সফর শেষ করার বড় সুযোগ এখন বাংলাদেশের সামনে। শ্রীলংকা থেকে টেস্ট ও ওয়ানডে ম্যাচে প্রাপ্তির সাথে টি-টোয়েন্টির প্রাপ্তিও যোগ করতে প্রস্তুত মুশফিকুর রহিমের দল। আজ রবিবার সন্ধ্যা সাড়ে সাতটায় পাল্লাকেলে স্টেডিয়ামে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে স্বাগতিক শ্রীলংকার মুখোমুখি হবে তারা। আজ রাতে পাল্লাকেলে স্টেডিয়ামে কি ঘটবে তা সবারই অজানা। তবে পেছনে ফিরে তাকালে এই সিরিজ নিয়ে হতাশার ছবিই ভেসে উঠবে শ্রীলংকার সামনে। সিরিজের শেষ ম্যাচটিতে সেই হতাশা ঝেড়ে ফেলতে চাইছে এঞ্জেলা ম্যাথুয়েসের দল। কিন্তু দলে নেই কুমারা সাঙ্গাকারা, তিলকরাত্নে দিলশান ও মাহেলা জয়বর্ধনে। দলের তিন সুপারস্টারকে ছাড়া বাংলাদেশের বিরুদ্ধে মাঠে নামতে হবে তাদের। এদের পরিবর্তে স্বাগতিকরাও ছয় তরুণ খেলোয়াড়কে দলে নিয়েছে। অবাক করা বিষয় হচ্ছে- ১৬ জনের স্কোয়াডে ছয়জনের আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলার কোন অভিজ্ঞতাই নেই। বাংলাদেশেরও নেই তারকা ব্যাটসম্যান। ইনজুরির কারণে দলের সাথে শ্রীলংকায় আসেননি সাকিব আল হাসান। দ্বিতীয় ওয়ানডেতে হাতে ব্যথা পাওয়ায় দল থেকে ছিটকে পড়েছেন তামিম ইকবাল এবং এইচএসসি পরীক্ষার কারণে দেশে ফিরে গেছেন এনামুল হক বিজয়। তবে তরুণ খেলোয়াড়রাই অভিজ্ঞদের অভাবটা আড়াল করে রেখেছেন। নাসির হোসেন, মোমিনুল হক, জহরুল ইসলাম, জিয়াউর রহমানদের সম্মিলিত চেষ্টার ফলেই ওয়ানডে সিরিজের শেষ ম্যাচটি জয় পেয়েছে বাংলাদেশ। প্রথমবারের মত শ্রীলংকার মাটিতে জয় পাওয়ার পাশাপাশি ওয়ানডে সিরিজে ড্র করার সাফল্য মুশফিকদের প্রাপ্তিতে যোগ হয়েছে। সেই প্রাপ্তিটা আরো বড় করার জন্যই আজও জয় চায় সফরকারীরা। শ্রীলংকার বিরুদ্ধে বাংলাদেশ মাত্র একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে। জোহানেসবার্গে ২০০৭ এর টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলংকার কাছে ৬৪ রানে পরাজিত হয়েছিল বাংলাদেশ। শ্রীলংকার জন্য এই ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। র্যাকিংয়ে এক নম্বরে অবস্থান তাদের। বাংলাদেশের কাছে হেরে গেলেই তারা ছিটকে পড়ে চলে যাবে র্যাংকিংয়ের দ্বিতীয় স্থানে। আর জিতলে দ্বিতীয় অবস্থানে থাকা দলের সাথে তাদের ব্যবধান হবে ছয় পয়েন্টের। র্যাংকিংয়ে নয় নম্বরে থাকা বাংলাদেশেরও সুযোগ হবে পয়েন্ট অর্জনের। যদি তারা জিততে পারে।