রাজশাহীতে বিএমএ নেতাকে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি

আপডেট : ৩১ মার্চ ২০১৩, ২০:৫৪
বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) রাজশাহী শাখার সভাপতি ডা.এস আর তরফদারকে কাফনের কাপড় পাঠিয়ে গলা কেটে হত্যার হুমকি দেয়া হয়েছে। এ ঘটনায় তিনি গত শনিবার থানায় জিডি করেছেন। জিডির উদ্ধৃতি দিয়ে পুলিশ জানিয়েছে, গণজাগরণ মঞ্চে অর্থ যোগান দেয়ায় ‘আসাদুল্লাহ বাংলা টিম’ নামের একটি জঙ্গি সংগঠন তাকে এক টুকরো কাফনের কাপড়সহ একটি চিঠিতে হত্যার হুমকি দেয়। গত ২৮ মার্চ নগরীর কাজীহাটায় অবস্থিত ডা. তরফদারের চেম্বারে ডাকযোগে একটি চিঠি আসে। ওই চিঠিতে আগামী ৭ দিনের মধ্যে তার নিজ চেম্বারে তাকে হত্যার হুমকি দেয়া হয়। চিঠিতে উল্লেখ করা হয়, ডা. তরফদার গণজাগরণ মঞ্চে নিয়মিত অর্থ সরবরাহ করেন। এ কারণে গত ১৭ মার্চ আসাদুল্লাহ বাংলা টিমের রাজশাহী জেলা শাখার মজলিস-ই-শুরার সভায় তাকে হত্যার সিদ্ধান্ত হয়। চিঠির নিচের ঠিকানায় সংগঠনের নায়েবে আমির (অপারেশন ও আর্মস) ড. তাওফিকুল হাকিম নাম উল্লেখ রয়েছে। তবে ডা. এসআর তরফদার এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি।