হলমার্ক বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের বিবৃতি

আপডেট : ৩১ মার্চ ২০১৩, ২১:০৪
হলমার্কের কারখানা চালু করার বিষয়ে অর্থমন্ত্রীর মন্তব্য নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে নানা প্রশ্ন উঠেছে। সংবাদ মাধ্যমে বলা হয়েছে যে, হলমার্কের সঙ্গে সমঝোতা বা সরকার হলমার্কের বিষয়ে নমনীয় হচ্ছে যা সত্য নয়। এ বিষয়ে শনিবার অর্থ মন্ত্রণালয় একটি বিবৃতি দিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, হলমার্কের পক্ষ থেকে ৪০ হাজার শ্রমিক পরিবার রক্ষা ও পাঁচশত কোটি টাকার মূল্যবান যন্ত্রপাতিসহ ৫ হাজার ৬শ কোটি টাকার সম্পদ সুরক্ষা ও বৈদেশিক মুদ্রা আয়ের পথ উন্মুক্ত রেখে গার্মেন্টস শিল্পকে ধ্বংসের হাত থেকে বাঁচান সংক্রান্ত একটি আবেদন প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী বরাবর পেশ করা হয়। সে আবেদনের প্রেক্ষিতে অর্থ মন্ত্রণালয় ১৯ মার্চ সোনালী ব্যাংককে নিম্নোক্ত স্মারক প্রেরণ করে হলমার্ক গ্রুপের যাবতীয় সম্পদ ও আয়-ব্যয়ের একটি বিবরণী এবং হলমার্ক গ্রুপের সম্পদ হতে কিভাবে সোনালী ব্যাংক লিঃ-এর সকল দায়-দেনা নিয়মিত করে ব্যাংকিং কার্যক্রম চালুসহ হলমার্ক গ্রুপের ব্যবসায়িক কার্যক্রম পুনরায় চালু করা যায় সে বিষয়ে স্বয়ংসম্পূর্ণ একটি প্রতিবেদন জরুরিভিত্তিতে এ বিভাগে প্রেরণের জন্য অনুরোধ করা হলো। হলমার্ক কেলেংকারিতে সংশ্লিষ্ট কাউকে রক্ষা করার কোন উদ্দেশ্য সরকারের নেই। অর্থ মন্ত্রণালয় এ বিষয়ে যে নির্দেশনা দিয়েছে সেদিকে দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে। নির্দেশনায় বলা হয়েছে যে, হলমার্কের যেসব পণ্য উত্পাদনের কারখানা রয়েছে সেগুলোকে চালু করার বিষয়টি বিবেচনা করা হোক। চালু এসব কারখানায় পণ্য উত্পাদন করলে হলমার্কের যেমন আয় হবে তেমনি অনেক শ্রমিকের কর্মসংস্থান হবে এবং পাশাপাশি সোনালী ব্যাংকেরও পাওনা আদায়ের ব্যবস্থা হবে। সংবাদ মাধ্যমে বলা হয়েছে যে, অর্থ মন্ত্রণালয় হলমার্কের বিষয়ে নমনীয় হচ্ছে—এ ধরনের অভিযোগের কোন ভিত্তি নেই। হলমার্কের কারখানা কিভাবে চালু করা হবে সে বিষয়ে সোনালী ব্যাংকের সুপারিশ এখনো মন্ত্রণালয়য়ে আসেনি এবং এ সুপারিশ পাওয়ার পরই মন্ত্রণালয় এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে। সিদ্ধান্ত গ্রহণকালে সুধী সমাজের অভিমত বিশেষভাবে বিবেচনা করা হবে।—তথ্য বিবরণী