ভ্যাকসিনের সাথে শিশুর অটিজমের কোন সম্পর্ক নেই

আপডেট : ৩১ মার্চ ২০১৩, ২১:০৪
শিশুকে টিকা বা ভ্যাকসিন দেয়া হলে শিশুর অটিজম বা অটিস্টিক সমস্যা হতে পারে এমন একটি ভ্রান্ত ধারণা ছিল। বিশেষ করে অনেক পিতা-মাতা এ ভ্রান্ত ধারণার কারণে শিশুদের হাম, রুবেলার টিকা সম্পর্কে এমন ধারণা পোষণ করতেন। কিন্তু যুক্তরাষ্ট্রের সিডিসির (সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন) এক গবেষণা রিপোর্টে উল্লেখ করা হয়েছে শিশুর টিকার সঙ্গে অটিজম বা শিশুর মধ্যে অটিস্টিক সমস্যা তৈরি হবার কোন সম্ভাবনা নেই। এমনকি একই দিনে একাধিক ভ্যাকসিন দেয়া হলেও শিশুর কোন সমস্যা হয় না। জার্নাল অব পিডিয়াট্রিকসে-এ তথ্য প্রকাশ করা হয়েছে। এ ব্যাপারে প্রধান গবেষক এবং সিডিসির ভ্যাকসিন সেফটির পরিচালক ড. ফ্রাংক ডেস্টিফানো উল্লেখ করেছেন, ভ্যাকসিনের সঙ্গে অটিজমের কোন ধরনের সমস্যা নেই এবং শিশুদের হামসহ সব ধরনের ভ্যাকসিন দেয়া উচিত। গবেষণায় দেখা যায়, অটিজম বা শিশুর বিকলাঙ্গ সমস্যার ভয়ে বহু শিশুর টিকার কোর্স সম্পন্ন করা হতো না। এ গবেষণা রিপোর্টের পর মা-বাবা বা অভিভাবকদের আর কোন ভয় থাকবে না। এ ব্যাপারে সিডিসির গবেষকগণ মনে করেন, বাবা-মায়ের এখন তাদের সন্তানদের টিকাদানের ক্ষেত্রে আর আতংকিত হওয়ার কারণ নেই।