অগণিত ভক্ত দর্শক-শ্রোতার শুভেচ্ছা-ভালোবাসায় সিক্ত হয়ে গতকাল স্যাটেলাইট চ্যানেল বাংলাভিশন পালন করলো তাদের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী। ‘দৃষ্টি জুড়ে দেশ’—এ শ্লে¬াগান নিয়ে ২০০৬ সালের ৩১ মার্চ আনুষ্ঠানিক সম্প্রচার শুরু হয় চ্যানেলটির। শুরু থেকেই বাংলাভিশনের উদ্দেশ্য ছিলো বাংলা সংস্কৃতি এবং বাংলাদেশি সংস্কৃতি সঠিকভাবে দর্শকের সামনে তুলে ধরা। প্রতিষ্ঠাবার্ষিকীতে সাত বছরের সফল যাত্রাকে উদ্যাপনের জন্য দুই দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে বাংলাভিশন। জনপ্রিয় শিল্পীদের অংশগ্রহণে থাকছে বিশেষ অনুষ্ঠানমালা ও নাটক।
এর আগে ৩০ মার্চ রাত ১২টায় বাংলাভিশন অফিসে কেক কাটার মধ্য দিয়ে দুই দিনব্যাপী আয়োজনের শুভ সূচনা করেন বাংলাভিশনের চেয়ারম্যান আবদুল হক এবং ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আমিনুল হক। ৩১ মার্চ সকাল ১১টায় আবারো কেক কেটে দ্বিতীয় পর্বের অনুষ্ঠান শুরু হয়। সারাদিন ধরেই মন্ত্রী, রাজনৈতিক নেতৃবৃন্দ শুভেচ্ছা জানাতে বাংলাভিশন অফিসে আসেন। মিলনমেলায় পরিণত হয় চ্যানেলটি। এছাড়া রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রবীণ সাংবাদিক, কবি-সাহিত্যিক, অভিনেতা-অভিনেত্রীরা বাংলাভিশন কার্যালয়ে আসেন শুভেচ্ছা জানাতে। এ সময় বাংলাভিশনের অনুষ্ঠান প্রধান শামীম শাহেদ, হেড অব নিউজ মোস্তফা ফিরোজ, হেড অব মার্কেটিং নূরুল ইসলাম খান খসরু এবং অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
দিনব্যাপী বিভিন্ন আয়োজন অফিসের তিনটি স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারের পাশাপাশি সারাদিন প্রচারিত হয়েছে— ‘বাংলার পথে বাংলাভিশন রথে’। জনপ্রিয় শিল্পীদের অংশগ্রহণে অন্যান্য বিশেষ আয়োজনের পাশাপাশি ছিল ঢাকা এবং ঢাকার বাইরের আনন্দ শোভাযাত্রাসহ বিশেষ অনুষ্ঠানের খবর।
