চার প্রতিষ্ঠানকে সোয়া লাখ টাকা জরিমানা

আপডেট : ৩১ মার্চ ২০১৩, ২১:০৫
রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ভেজাল ও নিম্নমানের খাবার তৈরির অভিযোগে চারটি প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা, একটি প্রতিষ্ঠানের কারখানা সিলগালা ও বিপুল পরিমাণ ভেজাল পণ্য ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল রবিবার বিএসটিআই পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে। ভ্রাম্যমাণ আদালত জুরাইনের লাল মিয়া সরকার রোডের মনি ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে দেখতে পায়, তাদের প্রতিষ্ঠানের কোনো মানচিহ্ন নেই। খোলা ও নোংরা পরিবেশে পাউরুটি, কেক ও বিস্কুট উত্পাদন এবং বাজারজাত করা হচ্ছে। এ জন্য প্রতিষ্ঠানের ম্যানেজার মামুনকে ৪০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। একই কারণে কর্ণফুলী বেকারির ম্যানেজার আলমগীরকে ২০ হাজার, দক্ষিণ দনিয়ার পাটেরবাগে সুরমা লজেন্স কারখানার ম্যানেজার ফারুককে ৩০ হাজার, শীলা সুপার আইসক্রিম কারখানার ম্যানেজার নাসিরকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় বিপুল পরিমাণের ভেজাল ও নিম্নমানের লজেন্স এবং আইসক্রিম ধ্বংস করা হয়। এছাড়া অবৈধভাবে গড়ে ওঠা গাউছিয়া ফুড প্রডাক্টস নামে একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে কাউকে না পেয়ে প্রতিষ্ঠানটি সিলগালা করে দেয় ভ্রাম্যমাণ আদালত।