শিক্ষকের সাথে পারিবারিক কলহের জের

প্রবেশপত্র পায়নি এইচএসসি পরীক্ষার্থী

আপডেট : ৩১ মার্চ ২০১৩, ২১:৩৪
আজ সোমবার এইচএসসি পরীক্ষা হলেও পরীক্ষার পূর্বদিন রবিবার পর্যন্ত প্রবেশপত্র পায়নি মেহেরপুরের গাংনী মহিলা ডিগ্রি কলেজের জান্নাতুন ফেরদৌস নামের এক কলেজ ছাত্রী। শিক্ষকের গাফিলতির কারণে ভেস্তে যেতে বসেছে তার উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন। জান্নাতুন ফেরদৌসের স্বামী নুর আহমেদ জানান, গাংনী কলেজে ১২শ’ টাকা দিয়ে এইচএসসি পরীক্ষার ফরম পূরণ করার পরও প্রবেশপত্র আসেনি। তিনি আরো জানান, গাংনী মহিলা ডিগ্রি কলেজের বাংলা বিভাগের প্রভাষক মো. রমজান আলীর সাথে পারিবারিক কল্হ থাকায় জান্নাতুন ফেরদৌসের প্রবেশপত্র পাওয়া যাইনি। প্রভাষক মো. রমজান আলী ইতিপূর্বে জান্নাতুন ফেরদৌসের ভবিষ্যত্ নিয়ে হুমকি দিয়েছিলেন। এব্যাপারে প্রভাষক রমজান আলী জানান, তার বিরুদ্ধে আনীত অভিযোগ ভিত্তিহীন। গাংনী মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ খোরশেদ আলম জানান, প্রয়োজনীয় ব্যবস্থা ও জান্নাতুন ফেরদৌসের প্রবেশপত্র আনার চেষ্টা চলছে। উপজেলা নির্বাহী অফিসার মহাম্মদ আব্দুস সালাম বলেন, কোন শিক্ষকের গাফিলতি থাকলে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে। মহিলা ডিগ্রী কলেজ সূত্র জানায়, এবার ৩৬৮ জন এইচএসসি পরীক্ষার্থী রয়েছে, এর মধ্যে ৩৬৭ জনের প্রবেশপত্র এসেছে। এদিকে যশোর শিক্ষা বোর্ডের সকল কাজ বাংলা বিভাগের প্রভাষক মো. রমজান আলী করে থাকেন বলে কয়েকজন শিক্ষক জানিয়েছেন।