আজ থেকে ছয় বছর আগে আমি সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলাম নারায়ণগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজে। বার্ষিক পুরস্কার বিতরণি অনুষ্ঠানের পুরস্কার ক্রয় প্রসঙ্গে শিক্ষক-সভায় বলেছিলাম, প্রতি বছর শিক্ষকদের পুরস্কার হিসেবে সাধারণত ডিনার সেট, প্লেট সেট, ব্লেন্ডার মেশিন ইত্যাদি দেওয়া হয়। এসব নষ্ট হয়ে যায়—এগুলি না দিয়ে সম মূল্যের বই উপহার দিলে ভালো হবে। প্রত্যেক বছর পাওয়া বইগুলি জমে জমে একটা সমৃদ্ধ সংগ্রহ হবে। একজন শিক্ষকের কাছে, মননশীল ব্যক্তির কাছে বইয়ের চেয়ে মূল্যবান আর কী হতে পারে? আমার বক্তব্যকে কেউ গুরুত্ব দেননি। আজ সেই কথা মনে পড়ে গেল শিক্ষাপ্রতিষ্ঠানে উপহার হিসেবে ক্রোকারিজ না কিনে বই কেনার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের একটি প্রজ্ঞাপন পেয়ে। আমরা শিক্ষকরা যদি বই উপহার নিতে আগ্রহী না হই, তাহলে আমাদের শিক্ষার্থীদের কিভাবে বই পড়ার প্রতি আগ্রহী করে তুলব? আমরা শিক্ষার্থীদের সৃজনশীল প্রশ্ন পদ্ধতির আলোকে পড়াচ্ছি। কিন্তু আমরা শিক্ষকরা কতটুকু সৃজনশীল? নিজেকে সৃজনশীল করে গড়ে তুলতে বই পড়ার বিকল্প নেই। তাই আসুন, নিজেরা বেশি বেশি বই পড়ি, বই কিনি, বই উপহার নেই, শিক্ষক এবং শিক্ষার্থীদের ক্রোকারিজের পরিবর্তে বই উপহার দেওয়ার অভ্যাস চালু করি।
মুহাম্মদ মাসুম খান
সহকারি প্রধানশিক্ষক,
ডগাইর রুস্তম আলী উচ্চ বিদ্যালয়, ডেমরা, ঢাকা
