সোনাতলায় মন্দিরের প্রতিমা ভাংচুর

আপডেট : ৩১ মার্চ ২০১৩, ২২:৪২
সোনাতলা উপজেলার গড়চৈতন্যপুর (কর্মকারপাড়া) শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরে গত শনিবার রাতে একদল অজ্ঞাত দুর্বৃত্ত হামলা করে একটি রাধাকৃষ্ণ মূর্তি ও একটি লক্ষ্মী মূর্তিসহ আটটি প্রতিমা ভাঙচুর করেছে। স্থানীয় হিন্দু সমপ্রদায়ের লোকজন গতকাল রবিবার সকালে মন্দিরে গিয়ে প্রতিমাগুলো ভাঙ্গা দেখতে পায়। মন্দির কমিটির সভাপতি সুনিল কর্মকার বাদী হয়ে সোনাতলা থানায় একটি মামলা দায়ের করেছেন। সংবাদ পেয়ে গতকাল সকালে বগুড়া-১ আসনের সংসদ সদস্য আব্দুল মান্নান, সহকারী পুলিশ সুপার নাজির উদ্দিন আহম্মেদ, সোনাতলা উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম আহসানুল তৈয়ব জাকির, উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার মণ্ডল, থানা অফিসার ইনচার্জ খালেকুজ্জামান পিপিএম, সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহাদারা মান্নান ও সোনাতলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুল আলম বুলুসহ অনেকে মন্দিরে ক্ষতিগ্রস্ত প্রতিমাগুলো পরিদর্শন করে দুঃখ প্রকাশ করেন। স্থানীয় সংসদ সদস্য মন্দিরের ক্ষতিগ্রস্ত প্রতিমা নির্মাণসহ মন্দির সুরক্ষার জন্য আর্থিকভাবে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছেন বলে জানা গেছে।