দুমকিতে বাস চাপায় স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু

আপডেট : ৩১ মার্চ ২০১৩, ২২:৪৩
দুমকি উপজেলার পটুয়াখালী-বরিশাল মহাসড়কের লেবুখালী ফেরিঘাট সংলগ্ন এলাকায় বাসের চাকায় পৃষ্ট হয়ে গতকাল রবিবার মোহাম্মদ মুন্না (৬) নামে এক স্কুল পড়ুয়া শিশু ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় গতকাল বিক্ষুব্ধ জনতা, এলাকাবাসী এবং স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকরা সড়ক অবরোধ করলে কয়েক ঘণ্টা সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ জনতাকে শান্ত করলে তারা অবরোধ প্রত্যাহার করে। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে বলে জানা যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার লেবুখালী ফেরিঘাট সংলগ্ন হাবিবুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র মোহাম্মদ মুন্না স্কুল ছুটি শেষে গতকাল সকালে লেবুখালী নতুন বাজারের রাস্তা দিয়ে বাড়ি ফিরছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা কুয়াকাটা-খুলনা যাত্রাবাহী বিআরটিসি বাস শিশুটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বিক্ষুব্ধ জনতা বাসটি আটক করতে সক্ষম হলেও চালক ও হেলপার পালিয়ে যায়।