এইচএসসি পরীক্ষা আজ শুরু

আপডেট : ৩১ মার্চ ২০১৩, ২২:৫১
আজ সোমবার থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে। আজ বাংলা আবশ্যিক প্রথম পত্রের পরীক্ষা। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আজ ঢাকা কলেজ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করবেন। চলতি বছর আটটি সাধারণ বোর্ডের অধীনে এইচএসসি, মাদ্রাসা বোর্ডের অধীনে আলিম এবং কারিগরি বোর্ডের অধীনে এইচএসসি ভোকেশনাল/ বিএম (বিজনেজ ম্যানেজমেন্ট) ও ডিআইবিএস পরীক্ষায় মোট ১০ লাখ ১২ হাজার ৫৮১ জন পরীক্ষায় অংশ নেবে। এরমধ্যে ৫ লাখ ৩৫ হাজার ৬৬২ জন ছাত্র এবং ৪ লাখ ৭৬ হাজার ৯১৯ জন ছাত্রী। মোট পরীক্ষার্থীর মধ্যে এইচএসসিতে ৮ লাখ ২৩ হাজার ২৪১ জন, আলিমে ৮৮ হাজার ৭৭৯ জন, এইচএসসি বিএম/ভোকেশনালে ৯৫ হাজার ৯৫৬ জন এবং ডিআইবিএসে ৪ হাজার ৬০৫ জন পরীক্ষা দিচ্ছে। গতবারের চেয়ে এবার পরীক্ষার্থী বেড়েছে প্রায় ৮৬ হাজার। এবার বাংলা প্রথম পত্র, রসায়ন প্রথম ও দ্বিতীয় পত্র, পৌরনীতি প্রথম ও দ্বিতীয় পত্র, ব্যবসায় নীতি ও প্রয়োগ প্রথম ও দ্বিতীয় পত্রে সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা হবে। এবারো দৃষ্টি প্রতিবন্ধী, সেরিব্রাল পালসিজনিত প্রতিবন্ধী এবং যাদের হাত নেই এমন প্রতিবন্ধী পরীক্ষার্থীরা শ্রুতিলেখক নিয়ে পরীক্ষা দিতে পারবেন।