হেফাজতে ইসলাম বাংলাদেশ গতকাল বিকালে রাজধানীর লালবাগস্থ জামেয়া কোরআনিয়া মাদ্রাসায় এক সাংবাদিক সম্মেলনে বলেছে, আগামী ৬ এপ্রিল লংমার্চে বাধা দেয়া হলে ৭ এপ্রিল থেকে লাগাতার হরতাল দেয়া হবে। ঢাকা মহানগর হেফাজতের আহ্বায়ক মাওলানা নূর হোসেন কাশেমীর বক্তব্যে বলা হয়, লংমার্চকে কেন্দ্র করে সারাদেশে হেফাজত নেতাকর্মীদের ধর-পাকড় ও হুমকি-ধামকি দেয়া হচ্ছে। তিনি বলেন, এ লংমার্চ বানচালের কোনো যড়যন্ত্র সফল হবে না। হেফাজতের কোনো নেতাকর্মীকে যদি গ্রেফতার করা হয় তাহলে ৭ এপ্রিল থেকে লাগাতার হরতালসহ এমন কঠোর কর্মসূচি দেয়া হবে যা সামাল দেয়া সরকারের পক্ষে সম্ভব হবে না। নেতৃবৃন্দ যেকোন মূল্যে সারাদেশ থেকে ৬ এপ্রিল ঢাকা অভিমুখী লংমার্চ সফল করার আহ্বান জানান। তারা বলেন, নাস্তিক ব্লগারদের ফাঁসিসহ ১৩ দফা দাবিতে এই লংমার্চ করে ঢাকায় আমাদের মহাসমাবেশ হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ ও অহিংস। আমরা কোন জ্বালাও, পোড়াও ও ভাঙচুরে বিশ্বাস করি না। আমরা আমাদের দাবি সরকারকে জানিয়ে দিয়েছি, বল এখন সরকারের কোর্টে, সিদ্ধান্ত নেয়ার দায়িত্ব এখন সরকারের। আমরা মনে করি, রাজনৈতিক কর্মী হিসেবে নয়, মুসলমান হিসেবে সবাই আমাদের এ অহিংস আন্দোলনে অংশগ্রহণ করতে পারে। আমরা আশাকরি সরকার আমাদের এ কর্মসূচি পালনে সর্বাত্মক নিরাপত্তা নিশ্চিত করবে।
‘যুদ্ধাপরাধীদের বিচারকে বাধাগ্রস্ত করতেই আপনারা এই আন্দোলনে নেমেছেন কি?’ সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে মাওলানা নূর হোসাইন কাসেমী বলেন, যুদ্ধাপরাধীদের বিচার চলছে প্রায় চার বছর যাবত্। আমরা এতদিন সে বিষয়ে কোন কথা বলিনি। কিন্তু যখন মহান আল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম এবং দ্বীন ইসলাম নিয়ে ধৃষ্টতাপূর্ণ বক্তব্য দেয়া হয়েছে, চরম অবমাননা করা হয়েছে, কুরুচিপূর্ণভাবে তাদের চিত্রায়িত করা হয়েছে। তখন একজন নবীপ্রেমিক হিসেবে আমরা বসে থাকতে পারিনি। আমাদের এই আন্দোলনে জামায়াতে ইসলামী বা অন্য কোন দলের সাথে ন্যূনতম কোন সম্পর্ক নেই। নেতৃবৃন্দ বলেন, একটি মহল ও কিছু অতিউত্সাহী মিডিয়া উদ্দেশ্যমূলকভাবে হেফাজতে ইসলাম ও এর নেতৃবৃন্দের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচারে লিপ্ত হয়েছে।
উল্লেখ্য, ৯ মার্চ চট্টগ্রাম হাটহাজারী মাদরাসাতে বর্তমান সময় উলামায়ে কেরামের মুরুব্বী, দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফী আহুত জাতীয় উলামা মাশায়েখ সম্মেলন থেকে মহান আল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম এবং দ্বীন ইসলামের অবমাননাকারী এবং মুসলমানদের বিরুদ্ধে কুত্সা রটনাকারী নাস্তিক-মুরতাদ ব্লগারদের সর্বোচ্চ শাস্তির দাবিসহ ১৩ দফা দাবিতে আগামী ৬ এপ্রিল সারাদেশ থেকে ঢাকা অভিমুখে লংমার্চের কর্মসূচি ঘোষণা করেন।
