দেশভিত্তিক রেসিপির রকমফের থাকছে এ সংখ্যাতেও। এ সপ্তাহে উঠে এসেছে আমাদের খুব কাছের দেশ ইন্দোনেশিয়ার রকমারি সব খাবার। নামগুলো শুনতে একটু বিদঘুটে হলেও স্বাদ হিসেবে এ খাবারগুলোর প্রতিটিই কিন্তু অসাধারণ। ইন্দোনেশিয়ার এই মজার রেসিপিগুলো দিয়েছেন রন্ধনশিল্পী রেজওয়ানা রেজা, ছবি তুলেছেন এমএইচ মিশু
উ লি পে টা টা ও স
উপকরণ :মিষ্টি আলু আধা কেজি, আধা কাপ নারিকেল কোরানো, আধা চা চামচ ভ্যানিলা এসেন্স, আধা চা চামচ লবণ।
প্রণালি :মিষ্টি আলু ভালো করে ধুয়ে সিদ্ধ করুন, সময় নিন ২০ থেকে ৩০ মিনিট। এরপর পানি ফেলে আলু ঠাণ্ডা করে চোকলা ছিলে ভর্তা বানিয়ে নিন। এবার নারিকেল, ভ্যানিলা এসেন্স ও লবণ আলুতে দিয়ে একসাথে ভালো করে মাখুন। আলুকে ছোট ছোট গোলা করে একেকটা গোল্লা প্যানকেক সাইজে বানান। এরপর অর্ধেক করে কেটে নিয়ে রোল করতে করতে আরেক পাশে নিন। দেখতে কোণের মতো হবে। এভাবে সবগুলো নামিয়ে বেকিং ট্রেতে ১৫ মিনিট ১৬০ ডিগ্রিতে বেক করুন। এরপর ঠাণ্ডা করে চা বা কফি দিয়ে খান।
চি কে ন স্যাঁ তে
উপকরণ :মুরগির বুকের মাংস ৪০০ গ্রাম, রসুন কুচি ২ চা চামচ, লেমন রাইন্ড আধা চা চামচ, চিনি ১ চা চামচ, গোল মরিচ গুঁড়া ১ চা চামচ, তেঁতুলের মাড় ১ চা চামচ, সয়াসস ১ টেবিল চামচ, লবণ পরিমাণমতো, তেল ২ টেবিল চামচ।
স্যাঁতে সসের উপকরণ
নারিকেল দুধ ১ কাপ, লেমন গ্রাস কাটা ১ চা চামচ, শুকনো চিংড়ি পেস্ট ১ চা চামচ, তেঁতুলের মাড় ২ টেবিল চামচ, লাল মরিচ গুঁড়া ২ চা চামচ, তেল ১ টেবিল চামচ, রসুন ছেঁচা ১ টেবিল চামচ, আমন্ড বাদাম পেস্ট ২ টেবিল চামচ, চিনি ১ টেবিল চামচ।
প্রণালি :মুরগির মাংস ১ ইঞ্চি করে লম্বা ও পুরু আকারে কেটে নিন। সমস্ত উপকরণ মাংসের সাথে মেখে ১ ঘণ্টা রাখুন। ১৫/১৬টি সাঁতে স্টিকে মসলা মাখানো মাংস গেঁথে ফ্রাইপ্যানে ২ টেবিল চামচ তেল গরম করে মাংস সাজিয়ে ঢাকনা দিয়ে অল্প আঁচে বাদামি রং করে ভেজে তুলতে হবে।
স্যাঁতের সসের প্রণালি :চিংড়ি পেস্ট, লেমন গ্রাস, মরিচ গুঁড়া, আমন্ড বাদাম পেস্ট, রসুন সমস্ত উপকরণ একসাথে অল্প নারিকেলের দুধ দিয়ে মিলিয়ে নিন। তেল গরম করে মিশ্রিত মসলা দিয়ে ভুনে অল্প অল্প করে নারিকেলের দুধ দিয়ে ৪-৫ মিনিট ফুটিয়ে তেঁতুল লবণ, চিনি দিয়ে সসের মতো করে নামাতে হবে। স্যাঁতে স্টিকের উপর সস দিয়ে পরিবেশন করুন।
পু সা ং গো ড়ে ং
উপকরণ :কলা ১টি, চিনি ১ টেবিল চামচ, ময়দা ৩ টেবিল চামচ, ডুব তেলে ভাজার জন্য যতটুকু প্রয়োজন।
প্রণালি :কলার চোকলা ছিলে লম্বা শেইপে ৪ পিস কেটে নিন। ময়দা ও চিনি অল্প পানি দিয়ে ঘন করে গুলে নিন। প্যানে তেল দিয়ে গরম করুন। কলার পিস একটা একটা করে ময়দায় চুবিয়ে ডুবো তেলে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিন।
না সি গো ড়ে ং
উপকরণ :যেকোনো চাল ৫০০ গ্রাম, মুরগির কিমা ১ কাপ, গরুর কিমা ১ কাপ, ডিম ৩টি, টমেটো কুচি আধা কাপ, টমেটো পেস্ট আধা কাপ, টমেটো সস ৩ টেবিল চামচ, লেবুর রস ২ টেবিল চামচ, সেলারি পাতাকুচি ২ টেবিল চামচ, চিনি ২ চা চামচ, গাজর ১ কাপ, বরবটি ১ কাপ, চিংড়ি শুকনো পেস্ট ২ টেবিল চামচ, পেঁয়াজ কুচি দেড় কাপ, রসুন কুচি ২ টেবিল চামচ, লাল মরিচ গুঁড়া ১ টেবিল চামচ, সয়াসস ২ টেবিল চামচ, টেস্টিং সল্ট ১ চা চামচ, তেল আধা কাপ।
প্রণালি :চাল ধুয়ে পানিতে আধাসিদ্ধ করে মাড় ঝরিয়ে ঠাণ্ডা করে তার সাথে লেবুর রস ও লবণ মখিয়ে রাখতে হবে। বড় ছড়ানো প্যানে তেল দিয়ে গরম করে পেঁয়াজ ও রসুন ভেজে মাংস দিয়ে কষিয়ে তাতে গুঁড়া মরিচ, লবণ, চিংড়ি পেস্ট দেওয়ার পর কিছুক্ষণ ভেজে পরে আবার টমেটো কুচি দিয়ে ভাজতে হবে। টমেটো নরম হয়ে এলে টমেটো পেস্ট, টমেটো সস দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে ফেলুন। ২টি ডিম ফেটিয়ে লবণ দিয়ে অমলেট ভাজুন। ৪ টেবিল চামচ তেল গরম করে ভাত ভাজুন। ভাতে টেস্টিং সল্ট, চিনি, লবণ, রান্না মাংস, সিদ্ধ সবজি দিয়ে ভাজতে হবে। সয়াসস, সেলারি পাতা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ডিমের কুচি ছড়িয়ে ভাত নাড়ুন। ১টি প্লেটে ভাত, তার উপর একটা ডিম পোচ দিয়ে একেক জনের জন্য রেডি করুন।
