বিবিআনা
প্রতি বছরের নায় এবারের বৈশাখেও সৃজনশীলতার সম্ভার নিয়ে গত ৩০ মার্চ বিকেল ৫টায় বিবিআনার ধানমন্ডির আউটলেটে শুরু হয়েছে ভিন্ন ধারার এক বৈশাখী পোশাকের প্রদর্শনী। এ প্রদর্শনীতে ফিতা কেটে উদ্বোধন করেন শিল্পী আবদুস শাকুর শাহ্ ও ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী। বাংলার চিরাচারিত ঐতিহ্যের ধারা সমন্বিত রাখতে দেশ বরেণ্য চিত্রকর আবদুস শাকুর শাহ-এর বহু বছরের সংগ্রহ ‘মালুয়া’ যা বাংলার নারীদের সাজসজ্জা সম্বলিত শিল্পকর্ম। এ শিল্পকর্মের অনুপ্রেরণা থেকে বিবিআনার এবারের অন্যরকম আয়োজন বৈশাখী পোশাক প্রদর্শনী। এখানে রয়েছে শাড়ি, সালোয়ার-কামিজ, দোপাট্টা, ফতুয়া, পাঞ্জাবি, গৃহ সামগ্রী, জুয়েলারিসহ শিশুদের বিভিন্ন পোশাক।
নিত্য উপহারের আয়োজনে ‘আমাদের ছোট নদী’
বাংলা নববর্ষ ১৪২০ উপলক্ষে এবারও নিত্য উপহার আয়োজন করেছে ‘আমাদের ছোট নদী’ শীর্ষক বিশেষ প্রদর্শনী। এবারের প্রদর্শনীতে গ্রীষ্মের উপযোগী পোশাক শাড়ি ও টি-শার্টে বিশেষভাবে ফুটে উঠেছে বাংলাদেশের সাম্প্রতিক সরাচিত্রের ক্ষণিক আভাষ এবং এর সাথে প্রবীণ ও তরুণ শিল্পীদের কাজ ও পোশাক ভাবনা। সরা শুধু পাতিলের ঢাকনা হিসেবেই ব্যবহূত হয় না। ধর্মীয় আচারের মাধ্যমে সরাচিত্রের প্রচলন হয়েছিল আদি ঢাকা ও ফরিদপুর অঞ্চলে। আজকের দিনের সরাচিত্রে শিল্পীদের কাজ যেমন এনেছে বিষয় বৈচিত্র্য তেমনি নান্দনিকতার ছোঁয়া। সাম্প্র্রতিক সময়ে সংগৃহীত কিছু সরাচিত্র নিয়ে এবারের সিরিজ বাংলাদেশের সাম্প্রতিক সরাচিত্র প্রথম পর্ব। এ বৈশাখের শিল্পীরা হলেন—কাইয়ুম চৌধুরী, হাশেম খান, চন্দ্র শেখর সাহা, সুশান্ত চন্দ্র পাল, ধ্রুব এষ, জোয়ার্দার মাহমুদ পল্টু, এহসানুল আহসান খান মিঠু, শাহেদ হিজল, অনাহিদ জাফরি, শবনম সিদ্দিকী সুভা ও জেসমিন জাহান ঝুমা।
প্রদর্শনী সংক্রান্ত তথ্য :আমাদের ছোট নদী, উদ্বোধন :৫ এপ্রিল শুক্রবার, বিকাল ৪টা, স্থান :গ্যালারি নিত্য উপহার, আজিজ কো-অপারেটিভ সুপার মার্কেট, ৪র্থ তলা, (দক্ষিণ পূর্ব কোণ) শাহবাগ, ঢাকা-১০০০, ফোন :৮৬২৯০৩৯, ০১৮১৯০৮৮৭৪৩।
