চট্টগ্রামে ধর্ষকের ৬০ বছর কারাদণ্ড

আপডেট : ০১ এপ্রিল ২০১৩, ২১:৩৩
অপহরণের পর তরুণীকে আটকে রেখে ধর্ষণের দায়ে মোঃ নূরুল আমিন (২২) নামে এক যুবককে নারী ও শিশু নির্যাতন দমন আইনের পৃথক দুইটি ধারায় দুইবার যাবজ্জীবন অর্থাত্ ৬০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত। গত রবিবার চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. রেজাউল করিম এ রায় দিয়েছেন। এ দণ্ডের পাশাপাশি আসামিকে এক লাখ টাকা জরিমানাও করে আদালত। ২০১০ সালের ২৪ অক্টোবর নগরীর কর্ণফুলী থানার জুলধা গ্রামে বড় ভাইয়ের সঙ্গে প্রতিবেশীর বাড়িতে বেড়াতে যাওয়ার পথে স্থানীয় বখাটে নূরুল আমিন ওই তরুণীকে অপহরণ করে নগরীর ইপিজেড এলাকায় নিয়ে যায়। সেখানে একটি বাসায় আটকে রেখে তাকে কয়েকবার ধর্ষণ করে। পরদিন তরুণীর বড় ভাই বাদী হয়ে কর্ণফুলী থানায় একটি মামলা দায়ের করেন। স্থানীয় ইউপি চেয়ারম্যানের সহযোগিতায় ২৬ অক্টোবর পুলিশ আসামিকে গ্রেপ্তারের পাশাপাশি তরুণীকে ওই বাসা থেকে উদ্ধার করে।