হরতালে আইনজীবীকে অনুপস্থিতির জরিমানা অধিকারের পরিপন্থি

আপডেট : ০১ এপ্রিল ২০১৩, ২২:৩৮
বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেছেন, হরতালে জীবন ও সম্পদের নিরাপত্তাহীনতার কারণে কোন আইনজীবী যদি আদালতে উপস্থিত হতে না পারেন তাহলে তাকে আর্থিক জরিমানা করা শুধু অনাকাঙ্ক্ষিতই নয় বরং সেটি তার মৌলিক অধিকার এবং স্বাধীনভাবে আদালতে দায়িত্ব পালনের অধিকারের পরিপন্থী। গতকাল সোমবার এক বিবৃতিতে খন্দকার মাহবুব বলেন, সম্প্রতি যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল একজন সিনিয়র আইনজীবীসহ বেশ কিছু আইনজীবীকে হরতালের মতো রাজনৈতিক কর্মসূচির কারণে আদালতে অনুপস্থিতির দায়ে আর্থিক জরিমানার নির্দেশ দিয়েছে। বাংলাদেশের কোন বিচারালয়ে হরতালজনিত কারণে অনুপস্থিতির দায়ে কোন আইনজীবীকে জরিমানা করা বা সংশ্লিষ্ট পক্ষের মামলার কোন ক্ষতি হয় এমন আদেশ প্রদান করা হয় না। বিচার বিভাগের এই গৌরবোজ্জ্বল ঔদার্যের ঐতিহ্যকে লংঘন করে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল যে ধরনের আদেশ প্রদান করছে তা ন্যায়ানুগ হয়নি বলে মনে করছি। খন্দকার মাহবুব বলেন, গণতান্ত্রিক দেশে হরতাল, অবরোধের মতো রাজনৈতিক কর্মসূচি চলাকালে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতি উত্সাহী ভূমিকার কারণে যে সহিংস ও নিরাপত্তাহীনতার সৃষ্টি হয় তা থেকে দেশের সাধারণ নাগরিকদের মতো একজন আইনজীবীও নিরাপত্তা-হুমকির সম্মুখীন। তাই হরতালে অনুপস্থিতির দায়ে কোন আইনজীবীকে আর্থিক জরিমানা বা কোন ধরনের শাস্তিমূলক আদেশ প্রদান না করার জন্য বিচারকদের প্রতি আহবান জানান তিনি।