মিসরে সরকার মত প্রকাশের স্বাধীনতা খর্ব করছে ঃ যুক্তরাষ্ট্র

আপডেট : ০২ এপ্রিল ২০১৩, ২০:০৩
মত প্রকাশের স্বাধীনতা হরণের জন্য মিসরকে অভিযুক্ত করেছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি ও ইসলাম ধর্মকে অপমান করার তথাকথিত অভিযোগে মিসরের সবচেয়ে জনপ্রিয় টেলিভিশন উপস্থাপক বাসেম ইউসুফকে জিজ্ঞাসাবাদের পর এ অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র। সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ভিক্টোরিয়া নুল্যান্ড ঐ অভিযোগ করেন। ২০১১ সালে সাবেক একনায়ক হোসনি মুবারকের বিরুদ্ধে গণঅভ্যুত্থান শুরু হওয়ার পর বাসেম ইউসুফ টেলিভিশনে ব্যঙ্গকৌতুক উপস্থাপনের মাধ্যমে জনপ্রিয়তার শীর্ষে ওঠেন। ওই গণঅভ্যুত্থানে মুবারকের পতন হওয়ার পর প্রতি রবিবার তিনি নিয়মিত শো চালাতে থাকেন। ইউসুফের অনুষ্ঠানকে যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ব্যঙ্গকৌতুক উপস্থাপক জন স্টুয়ার্টের সঙ্গে তুলনা করা হচ্ছিল। কিন্তু ইসলাম ধর্মকে অবমাননা ও প্রেসিডেন্ট মুরসির ইসলামপন্থা নিয়ে ব্যঙ্গ করার অজুহাত তুলে মুরসির সমর্থকরা ইউসুফের বিরুদ্ধে কমপক্ষে চারটি অভিযোগ দায়ের করে। এতে শনিবার তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে সরকার। রবিবার গ্রেপ্তারের পর ২ হাজার ২শ’ ডলার জামিন দিয়ে ছাড়া পান ইউসুফ। এ ঘটনার কথা উল্লেখ করে এক বিবৃতিতে নুল্যান্ড বলেন, মত প্রকাশের স্বাধীনতা রোধ করা হচ্ছে বলে আমরা উদ্বিগ্ন। তিনি আরো বলেন, মিসর সরকার যখন এই ধরনের ঘটনার তদন্ত করছে তখন ২০১২ সালে ডিসেম্বরে প্রেসিডেন্ট প্রাসাদের বাইরের বিক্ষোভকারীদের ওপর হামলা ও মারাত্মক পুলিশি নিষ্ঠুরতা ও সাংবাদিকদের অবৈধভাবে বাধা দেয়ার বিষয়গুলোর তদন্তে ধীরগতি ও অপর্যাপ্ততার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। এখানে ন্যায়বিচার প্রতিষ্ঠা পাচ্ছে বলে মনে হচ্ছে না।