রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থি সাদা দলের শিক্ষকদের অভিযোগ, ছাত্রলীগ নেতারা ছাত্রদল নেতা-কর্মীদের ক্যাম্পাসে আসতে বাধা দিচ্ছে। ফলে এসব শিক্ষার্থীরা নিয়মিত ক্লাস পরীক্ষায় অংশ নিতে পারছে না। যদি শ্রেণিকক্ষে সব শিক্ষার্থী উপস্থিতি নিশ্চিত করা না হয় তবে ক্লাস পরীক্ষা থেকে বিরত থাকবে সাদা দলের শিক্ষকরা।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শাদাত উল্লাহর সাথে এ নিয়ে বৈঠক করেন শিক্ষকরা। তারা ক্যাম্পাসে ছাত্রদল ও ছাত্রলীগের সহাবস্থান দাবি করেন।
শিক্ষকরা বলেন, ছাত্রদলের নেতা-কর্মীদের ক্যাম্পাসে অবাধে প্রবেশ এবং আবাসিক হলের সিটের সুবিধাসহ নির্বিঘ্নে লেখাপড়া করার সুযোগ দেয়া হোক। বৈঠকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছাড়াও উপ-উপাচার্য অধ্যাপক ড. মো: শহীদুর রশীদ ভুঁইয়া উপস্থিত ছিলেন। শিক্ষক নেতাদের পক্ষে ছিলেন সাদা দলের সভাপতি ড.এ কে এম রুহুল আমিন, সাধারণ সম্পাদক ড. শাহানাজ সরকার ও কমিটির নেতৃবৃন্দ। ছাত্রদলের বহিরাগত কিছু নেতা-কর্মী ক্যাম্পাসে আসছে এমন অভিযোগ দেখিয়ে গত সোমবার বিকালে আকস্মিকভাবে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে ছাত্রদলের প্রায় অর্ধশতাধিক সদস্যদের বের করে দেয় ছাত্রলীগ নেতারা। এ ঘটনার প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রদল নেতারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে স্মারকলিপি প্রদান এবং তীব্র নিন্দা প্রকাশ করেছেন।
