দিনাজপুরের ফুলবাড়ী ৪০ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অভিযান চালিয়ে গত মার্চ মাসে ১ কোটি ৫৩ লাখ ৮০ হাজার ৯০৫ টাকার মাদকদ্রব্য আটক করে। আটককৃত মালামালের মধ্যে রয়েছে ৬৭ লাখ ৪৮ হাজার ৬৫০ টাকার ৫ হাজার ২৪৪ বোতল ফেনসিডিল, ৫৪ বোতল বিদেশি মদ, ১ বোতল বিয়ার, ৩ হাজার ৩শ’টি বিভিন্ন প্রকার নেশা জাতীয় ইনজেকশন, ১৩ হাজার ১৬টি বিভিন্ন প্রকার যৌন উত্তেজক ট্যাবলেট। এ সময় ৯ চোরাচালানিকে আটক করা হয়। মাদক বহনকারী ৪টি মোটর সাইকেল ও ১টি টাটা পিকআপ আটক করা হয়। আসামিদের বিরুদ্ধে মোট ৭টি মামলা করা হয়। এদিকে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ১ ভারতীয় নাগরিককে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা থেকে আটক করা হয়।
গত সোমবার বিজিবি গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী অধীনস্থ বিরামপুর বিশেষ ক্যাম্পের টহল দল ঘোড়াঘাট উপজেলার ডুগডুগি নামক স্থান থেকে ২ হাজার ৮৪০টি ভারতীয় চশমাসহ ৫ হাজার পিস যৌন উত্তেজক ট্যাবলেট আটক করে। অপরদিকে গত সোমবার ৪০ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দাইনুর বিওপি’র টহল দল উত্তর দাইনুর এলাকা থেকে বিকালে ৪৯৩ বোতল ফেনসিডিল এবং ফুলবাড়ীর সদর দপ্তর টহল দল ফুলবাড়ী মধ্যপাড়া মহাসড়কের জিয়ার মিল নামক স্থানে ওত পেতে থেকে ৫৯০ বোতল ফেনসিডিলসহ ১টি ট্রাক আটক করে। ঐদিনই একইস্থানে আবারও অভিযান চালিয়ে ১ হাজার ৮৩ বোতল ফেনসিডিলসহ ১টি ট্রাক আটক করা হয়। এব্যাপারে বিজিবি সদস্যরা কাউকে গ্রেফতার করতে সক্ষম হননি।
