রাজউক চেয়ারম্যানের চাকরির মেয়াদ আরো এক বছর বাড়লো

আপডেট : ০২ এপ্রিল ২০১৩, ২২:৩০
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) চেয়ারম্যান প্রকৌশলী মো.নূরুল হুদার চাকরির মেয়াদ আরো এক বছর বৃদ্ধি করা হয়েছে। গতকাল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, গত ২৩ মার্চ থেকে এই আদেশ কার্যকর হবে। অতিরিক্ত সচিব পদ মর্যাদায় এ নিয়ে চতুর্থ বারের মত রাজউক চেয়ারম্যানের চাকরির মেয়াদ বৃদ্ধি করা হলো। চাকরির মেয়াদ বৃদ্ধি করায় প্রধানমন্ত্রী ও গণপূর্ত প্রতিমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে রাজউক চেয়ারম্যান প্রকৌশলী মো. নূরুল হুদা ইত্তেফাককে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী এডভোকেট আব্দুল মান্নান খানের দিক নির্দেশনায় রাজউকের সকল উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছে। তিনি বলেন, বর্তমান ও ভবিষ্যত্ প্রজম্মের জন্য সুস্থ, সুন্দর,পরিকল্পিত ও পরিবেশ সম্মত ঢাকা নগরী গড়ে তোলাই হলো রাজউকের বড় চ্যালেঞ্জ। তবে এই চ্যালেঞ্জকে মোকাবিলা করতে দৃঢ় প্রতিজ্ঞা তিনি। ২০০৮ সালের ২৯ ডিসেম্বর নির্বাচনের মাধ্যমে মহাজোট সরকার ক্ষমতা গ্রহণের পর প্রকৌশলী মো : নূরুল হুদাকে রাজউকের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়। দায়িত্ব গ্রহণের পর রাজউককে স্বচ্ছ, সেবাধর্মী ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠানে পরিণত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। সরকারের ভিশন-২১ বাস্তবায়ন ও রাজধানীকে বাসযোগ্য করতে প্রকৌশলী মো.নূরুল হুদার তত্ত্বাবধানে ডিটেইল্ড এরিয়া প্ল্যান (ড্যাপ), স্ট্যাটেজিক ট্রান্সপোর্ট প্ল্যান (এসটিপি), ঢাকা ওয়াসার নকশা অনুযায়ী সকল রাস্তা এবং খালের তালিকা ও নকশা চূড়ান্ত করা হয়েছে। এছাড়া বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মহাপরিচালক ম হামিদের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদও এক বছর বৃদ্ধি করা হয়েছে। তার চুক্তিভিত্তিক নিয়োগ ১১ মার্চ থেকে কার্যকর হবে।