বড়পুকুরিয়া কয়লা খনির বর্জ্য অপসারণ শুরু

আপডেট : ০৬ মে ২০১৯, ২২:১২

বর্জ্য দিয়ে সড়ক নির্মাণ

স্টাফ রিপোর্টার, দিনাজপুর

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির বর্জ্য ২৫ বছর জমাট থাকার পর কেবল অপসারণ শুরু করেছে খনি কর্তৃপক্ষ। রবিবার থেকে এসব বর্জ্য অপসারণ শুরু হয়। স্থানীয়দের অভিযোগ, খনির মূল্যবান বর্জ্য ২৫ বছরে মাটি হয়ে যাওয়ায় এখন মূল্যহীন হয়ে পড়েছে। সরেজমিনে দেখা যায়, খনির অভ্যন্তরের উত্তরদিকে খনির বর্জ্যের স্তূপ জমে রয়েছে, সেই বর্জ্য লোডার মেশিন দিয়ে ট্রাকে ভর্তি করে অপসারণ করছে খনি কর্তৃপক্ষ। খনি সূত্রে জানা গেছে, খনির সূচনা লগ্ন বিগত ১৯৯৪ সাল থেকে এই বর্জ্যগুলো সেখানে রাখা ছিল। সেই বর্জ্যগুলোকে ঝাঁকিয়ে বৈগ্রাম-বড়পুকুরিয়া বাজারের যাতায়াতের দেবে যাওয়া রাস্তায় ফেলে উঁচু করা হচ্ছে। এই বিষয়ে খনির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফজলুর রহমান বলেন, ইতিপূর্বে দায়িত্বে থাকা ব্যবস্থাপনা পরিচালকরা এই বর্জ্য অপসারণ বা নিলামের ব্যবস্থা গ্রহণ করেননি, ফলে এই বর্জ্য এখন খনির পরিবেশের ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই তিনি দায়িত্ব নেয়ার কয়েক মাসের মধ্যে বর্জ্য অপসারণের উদ্যোগ নেন। রবিবার থেকে এসব বর্জ্য অপসারণ শুরু হয়। এতে করে ইয়ার্ড ফাঁকা হলে চাইনিজরা নতুন কয়লা উত্তোলন করে ইয়ার্ডে রাখার সুযোগ পাবে, এছাড়াও পরিবেশ রক্ষা পাবে।

এমডি ফজলুর রহমান আরো বলেন, এই বর্জ্য দিয়ে খনির কারণে ক্ষতিগ্রস্ত হওয়া বড়পুকুরিয়া বাজার থেকে বৈগ্রাম রাস্তাটি মেরামত করা হচ্ছে। এতে করে ওই এলাকার মানুষ উপকৃত হবে।